ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে কোটি টাকা ও ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক

চট্টগ্রামে কোটি টাকা ও ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি আটক
×

জব্দ করা টাকা ও ইয়াবা ছবি: ইউএনবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০ | ০৩:১০ | আপডেট: ০৯ নভেম্বর ২০২০ | ০৩:৪২

চট্টগ্রাম মহানগরী থেকে মাদক বিক্রির এক কোটি ১৭ লাখ টাকা ও ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

সোমবার মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- মো. শওকত ইসলাম (৩২) ও মর্জিনা (২৮)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, আটক দম্পতি মিয়ানমারের নাগরিক ও মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া করে মাদকের ব্যবসা করে আসছিলেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ৪ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়েছে। যেসব টাকা উদ্ধার করা হয়েছে তা মাদক বিক্রির টাকা বলে তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তাদের কাছ থেকে ৫ হাজার ৩০০পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে। 

আটক দম্পতির বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন

×