বাড়ি থেকে বের হওয়ার পথ নেই পরিবারটির
দেয়ালে রুদ্ধ পরিবার- সমকাল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০৫:৪৫ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ | ০৫:৪৬
বাড়ি থেকে বের হওয়ার সব পথ দেয়ালে রুদ্ধ। তিনপাশে প্রতিবেশী ও এক পাশে স্বাস্থ্য কমপ্লেক্স। তিন দিকের পথ বন্ধ হয়ে গেলেও স্বাস্থ্য কমপ্লেক্সের ভাঙা দেয়াল টপকে অন্তত ৮ বছর ধরে চলাচল করছিলো প্রয়াত এক মুক্তিযোদ্ধার মেয়ের পরিবার। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর নতুন করে নির্মিত হওয়ায় বন্ধ হয়ে গেছে বাড়ি থেকে বের হওয়ার সব পথ। বিপাকে পড়তে হয়েছে ময়মনসিংহের ফুলপুরের ১৮ সদস্যের পরিবারটির।
জানা গেছে, পৌর এলাকার দিউ গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘেঁষা এলাকায় বসবাস করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলীর মেয়ে ইফফাত আরা সাথী। স্বাস্থ্যকমপ্লেক্সের দেয়াল ঘেঁষে তারা আগে যাতায়াত করতেন। সবদুল বেপারী নামের এক ব্যক্তির জমি দিয়ে চলচল করলেও মৃত্যুর পর তার ছেলেরা নিজেদের জমিতে দোকানপাট নির্মাণ করে ফেলেন। অন্তত ৮ বছর আগে রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় একটু রাস্তার জন্য জনপ্রতিনিধের কাছে গিয়েও ব্যবস্থা হয়নি।
বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভাঙা দেয়াল পর্যন্ত মাটি ভরাট করে রাস্তা বানিয়ে চলাচল করছিলেন তারা। কিন্তু সেই পথটিও অবশেষে রুদ্ধ হয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভ্যন্তরীণ নিরাত্তার কথা চিন্তা করে স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল উঁচু ও মেরামতের কাজ শুরু করে। সবদিকের কাজ শেষে প্রয়াত মুক্তিযোদ্ধার মেয়ের পরিবারের চলাচলের পথটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
ইফফাত আরা সাথী বলেন, তারা যে রাস্তাটি ব্যবহার করতেন সে রাস্তাটি দোকান করে বন্ধ হয়ে যায়। সে সময় একটু রাস্তা রাখার জন্য অনেক চেষ্টা তারা করেছিলেন। পরে হাসপাতালের ভাঙা দেয়াল দিয়ে চলাচল করলেও এটিও এখন বন্ধ। এখন ঘর থেকে বেরুবার আর কোনো রাস্তা নেই।
গত বছরের ৮ জুন পরিবারটি চলাচলের জন্য একটু রাস্তার ব্যবস্থা করে দিতে পৌরসভার মেয়রের কাছে আবেদন করা হয়। কিন্তু আবেদনে সারা মেলেনি। ফুলপুর পৌরসভার মেয়র মো. আমিনুল হক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ রেজুলেশন দেয়াল নির্মাণ করছে। বেশ কিছু দিন পূর্বে রাস্তার ব্যবস্থার জন্য আবেদন দিলেও সেখানে অভ্যন্তরীণ সমস্যা থাকায় বিষয়টি নিয়ে তিনি কাজ করতে পারেন নি। এখন যেহেতু নির্বাচন শুরু হয়েছে সে কারণে অন্য দিকে নজর দেওয়ার সময় নেই।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. প্রানেস চন্দ্র পন্ডিত বলেন, শুধু ওই পরিবারটিই নয় আরো কিছু পরিবার হাসপাতালের অভ্যন্তরের ভাঙা দেওয়াল যাতায়াত করতো। অন্য পরিবার গুলোর বিকল্প রাস্তা থাকলেও একটি পরিবারের কোনো রাস্তা নেই। বিষয়টি মানবিক। কিন্তু হাসপাতালের অভ্যন্তরের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুয়ায়ী দেয়ালটি নির্মাণ করতে হচ্ছে। পরিবারটিকে বিকল্প রাস্তার ব্যবস্থা করার জন্য সব ধরণের সহযোগিতাও তারা করছেন।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার বলেন, রাস্তার সমস্যাটি স্থানীয় ভাবে একটি সমাধানে আসার কথা ছিলো। পরিবারটির বেরুবার জন্য রাস্তার বিষয়টি তারাও গুরুত্বসহকারে দেখবেন।
- বিষয় :
- দেয়ালে রুদ্ধ পরিবার
- ময়মনসিংহ