ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কুকুরের দুধ খেয়ে বেড়ে উঠছে বিড়াল ছানা

কুকুরের দুধ খেয়ে বেড়ে উঠছে বিড়াল ছানা
×

কুকুরের দুধ খেয়ে বেড়ে উঠছে বিড়াল ছানা- সমকাল

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৫৪

গৃহপালিত পশুদের মধ্যে কুকুর ও বিড়াল প্রায় ঘরে দেখা যায়। এরা যেমন প্রভুভক্ত, তেমনি শিকারিও। এদের স্বভাবও ভিন্ন। স্বভাবসিদ্ধভাবে কুকুর ও বিড়াল পরস্পরের চিরশত্রু। তবে মায়া, মমতা ও মাতৃত্বের এক অসাধারণ কৃতিত্ব স্থাপন করেছে পটুয়াখালীর বাউফলের আশ্রাব আলীর পালিত কুকুর ময়না। 

উপজেলা হাসপাতালের সামনে প্রায় একটি বিড়াল ছানাকে দুধপান করাচ্ছে ওই পোষা কুকুরটি। প্রকৃতির নিয়ম ভেঙে ছানাটিকে মাতৃস্নেহে বড় করে তুলছে ময়না। বিড়াল ছানার প্রতি কুকুরের এমন বিরল ভালোবাসা দেখে অবাক এলাকাবাসী।

আশ্রাব আলী একজন চা দোকানি। তিনি শখ করে কুকুর পোষেন। দুই মাস আগে তার পালিত কুকুর ময়না চারটি বাচ্চার জন্ম দেয়। এর কিছুদিন পর সব বাচ্চা মারা যায়। বাচ্চাগুলোর শোকে এক সময় খাওয়া বন্ধ করে দেয় ময়না। আশ্রাব ওই কুকুরটিকে চিকিৎসাসহ সেবাযত্ন করেন।

আশ্রাব জানান, মাসখানেক আগে একটি বিড়াল ছানা সেখানে আসে। ওই ছানাটির মা নেই। সেখানেই বিড়াল ছানার সঙ্গে মিলিত হয় কুকুরটি। দোকানের সামনে ময়নার দুধ পান করে ছানাটি। কুকুরের মধ্যে মাতৃস্নেহ খুঁজে পায় ছানাটি। এরপর থেকে প্রায় সময় ছানাটিকে দুধপান করায় কুকুরটি। দুধ খাওয়ানো শেষে বিড়াল ছানাকে সন্তানের মতো করে জড়িয়ে ঘুমায় কুকুরটি। ছানাটিও বেশ বড় হচ্ছে মায়ের আদরে। এমন দৃশ্য দেখতে প্রায়ই ওই চায়ের দোকানে ভিড় করে উৎসুক মানুষ।

বাউফল উপজেলা প্রাণী কর্মকর্তা হাফিজুর রহমান সমকালকে বলেন, এটা একটি বিরল ঘটনা, তবে মাতৃত্বের কাছে সবাই দুর্বল। এটাই প্রকৃতি। যদিও হিংস্র বেশ কিছু পশু রয়েছে, যারা অন্য পশুদের বাচ্চা খেয়ে ফেলে। তবে কুকুর বিড়াল শিকারি পশু হলেও ভিন্ন রকম।

আরও পড়ুন

×