ড. এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন ৯ বিশিষ্টজন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ২৩:২৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ২৩:২৭
মুক্তিযুদ্ধ, চিকিৎসাবিজ্ঞান, সাংবাদিকতা, সাহিত্য এবং বিজ্ঞান চর্চায় বিশেষ অবদান রাখায় ড. এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক লাভ করেছেন ৯ বিশিষ্টজন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ স্বর্ণপদক দেওয়া হয়। ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এর আয়োজন করে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন– মুক্তিযুদ্ধ বিষয়ে শামসুদ্দিন মোল্লা, চিকিৎসাবিজ্ঞানে ডা. একেএম ফজলুল বারি, সাংবাদিকতায় অধ্যাপক আনোয়ার করিম, সাহিত্যে কবি সায়েদা রাশিদা বারি এবং বিজ্ঞানে ড. ইব্রাহিম এইচ মণ্ডল, ড. ফিরোজ খান, সেলিনা ইয়াসমিন, আবু রেজা মো. তৌফিকুল ইসলাম ও তাসরিনা রাবিয়া চৌধুরী।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম ফারহাদুল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মানু, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা কমিশনের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সহসভাপতি একে বোরহান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহসভাপতি ড. মির্জা নাহিদা হোসাইনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।