ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত গোলাম সারওয়ার
একুশে পদক প্রাপ্তি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৪ | ১৪:০৫
একুশে পদকে ভূষিত হওয়ায় গতকাল বুধবারও সারাদিন শুভেচ্ছায় সিক্ত হলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। তাকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনেকে সমকাল কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান। অসংখ্য মানুষ বিবৃতি দিয়ে, টেলিফোনে, এসএমএসে সমকাল সম্পাদককেশুভেচ্ছা জানান। অভিনন্দন, শুভ কামনায় ভরে উঠেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। গতকাল সন্ধ্যায় সমকালে অনাড়ম্বর এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সমকাল কর্মীরা।
সমকালে সংবর্ধনা সভায় গোলাম সারওয়ার বলেন, একুশে পদকপ্রাপ্তির অর্জন তার একার নয়, সমকাল পরিবারের। একুশে পদকপ্রাপ্তিতে তাকে যারা শুভেচ্ছা জানিয়েছেন, কুশল বিনিময় করেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাইম মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন, নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি, বার্তা সম্পাদক সবুজ ইউনুস, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রধান প্রতিবেদক লোটন একরাম, ফিচার সম্পাদক মাহবুব আজীজ, অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাশ, চিত্তরঞ্জন কর, দীপঙ্কর লাহিড়ী, বিশেষ প্রতিনিধি জাকির হোসেন, আবু কাওসার, মাসুদ করিম, সাবি্বর নেওয়াজ, রাশেদ মেহেদী, ক্রীড়া বিভাগের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম, অপরাধ বিভাগের প্রধান সাহাদাত হোসেন পরশ, অনলাইন বার্তা সম্পাদক আসিফ জাকারিয়া, সম্পাদকীয় বিভাগের শেখ রোকন, ডিজিএম (মার্কেটিং) ফরিদ উদ্দিন, ডিজিএম (হিসাব) কামরুজ্জামান, ডিজিএম (সার্কুলেশন) অমিত রাইহান, ম্যানেজার (প্রশাসন) খন্দকার আমিনুর রহমান, সম্পাদনা বিভাগের প্রধান শাখাওয়াত হোসেন, প্রেস ম্যানেজার মিজানুর রহমান, কম্পিউটার বিভাগের আসলাম পারভেজ ও নিরাপত্তা শাখার কর্মকর্তা শাহ আলম।
মেজর জেনারেল (অব.) শাহাব উদ্দিন বলেন, পেশাদারিত্ব কী হওয়া উচিত, তা দেখিয়ে দিয়েছেন গোলাম সারওয়ার। যার স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবেই তিনি পেয়েছেন। তার এই রাষ্ট্রীয় সম্মাননায় সমকাল পরিবার গর্বিত; সাংবাদিকতার সঙ্গে যারা আছেন সবাই গৌরবান্বিত।
নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, গোলাম সারওয়ার সাংবাদিকতায় আপন মহিমায় উজ্জ্বল। তার আলোয় আলোকিত হয়েছেন, হচ্ছেন অসংখ্য সংবাদকর্মী। তিনি পেশাদারিত্ব, মননশীলতা, একাগ্রতা, আন্তরিকতায় পেশাগত জীবন শুধু নয়, জাতীয় জীবনেও নিজের অনন্য অবস্থান তৈরি করেছেন।
বার্তা সম্পাদক সবুজ ইউনুস বলেন, গোলাম সারওয়ারের সঙ্গে কাজ করা যে কোনো সংবাদকর্মীর জন্য গৌরবের।
অন্যরা তাদের বক্তব্যে দেশের দুটি সফল জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাতা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, অসামান্য লেখক, দায়িত্বশীল অভিভাবক গোলাম সারওয়ারকে শুভেচ্ছা জানান। সমকালের পাঠক সংগঠন 'সুহৃদ সমাবেশে'র নেতাকর্মীরা সমকালে এসে গোলাম সারওয়ারকে ফুলেল শুভেচ্ছা জানান।
নানা শ্রেণী-পেশার মানুষের শুভেচ্ছা :সমকাল সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠান।
জাতীয় প্রেস ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, সমকাল সম্পাদক একুশে পদক পাওয়ায় জাতীয় প্রেস ক্লাবের মর্যাদাও নিশ্চিতভাবে বেড়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক অভিনন্দন বার্তায় বলেন, গোলাম সারওয়ার সংবাদপত্রে সাফল্য ও পেশাদারিত্বের প্রতীক। তিনি একুশে পদকে ভূষিত হওয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি নিজেদের মর্যাদাবান মনে করছে। রিপোর্টার্স ইউনিটি নেতারা রাতে সমকাল কার্যালয়ে এসে ফুল দিয়ে গোলাম সারওয়ারকে শুভেচ্ছা জানান। এ সময় ডিআরইউ দফতর সম্পাদক শেখ মো. জামাল হোসাইনও উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার পুষ্পস্তবক পাঠিয়ে শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সমকাল কার্যালয়ে এসে গোলাম সারওয়ারকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন সমিতির সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন এবং পরিচালক আবুল কাশেম। সংবাদপত্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে সংগঠনের সভাপতি সারওয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল হুদা আবদুুল্লাহসহ সংগঠনের নেতারা একুশে পদকে ভূষিত গোলাম সারওয়ারকে অভিনন্দন জানান।
সমকালে এসে সমকাল সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ জুবায়ের, করপোরেট অ্যাফেয়ার্স সিনিয়র ম্যানেজার শিবলী শাকিক আহমেদ, করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার আনোয়ারুল আমিন এবং এক্সটার্নাল কমিউনিকেশন এক্সিকিউটিভ মো. ফয়েজ আলী।
এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম অনু ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব এক অভিনন্দন বার্তায় সমকাল সম্পাদককে অভিনন্দন জানান। সরকারের মন্ত্রী, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার বরেণ্য ব্যক্তিরা গোলাম সারওয়ারকে ফোন করে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অনেক পেজে গোলাম সারওয়ারকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে। এসব পোস্টে অসংখ্য মানুষ সাংবাদিকতার শিক্ষাগুরু গোলাম সারওয়ারকে অভিনন্দন জানিয়েছেন।