শাবি শিক্ষক সমিতি নির্বাচনে নিরঙ্কুশ জয় আওয়ামীপন্থিদের
শাবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১৫:১৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন আওয়ামীপন্থি শিক্ষকরা। ১১টি পদের সবক'টিতে জয়ী হয়েছে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের দুটি পক্ষ।মঙ্গলবার রাতে শাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল' থেকে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী-বামপন্থি 'মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল' থেকে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার (১৪৭ ভোট)। বিএনপি-জামায়াত সমর্থিত 'মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তা ও মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক পরিষদ' প্যানেল থেকে সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ৮৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল' থেকে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আওয়ামী-বামপন্থি প্যানেল থেকে অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমদ ১৪৭ ভোট এবং বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে গণিত বিভাগের অধ্যাপক ড. রেজওয়ান আহমেদ ৬৫ ভোট পান।
ভোটগণনা শেষে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. আসিফ ইকবাল। এর আগে বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। নির্বাচনে তিনটি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামীপন্থি দুটি প্যানেল ও বিএনপি-জামায়াত সমর্থিত একটি প্যানেল। মোট ৫৫০ ভোটারের মধ্যে ৪০২ জন ভোটাধিকার প্রযোগ করেন।
নির্বাচনে আওয়ামীপন্থি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি রসায়ন বিভাগের অধ্যাপক ড. দীপেন দেবনাথ, কোষাধ্যক্ষ সিইপি বিভাগের অধ্যাপক মো. মহিবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এফইটি বিভাগের সহকারী অধ্যাপক মো. আফজাল হোসেন, সদস্যপদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল গণি, এফইটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আবদুল্লাহ আল বাকী।
এদিকে আওয়ামী-বামপন্থি মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল থেকে মাত্র দু'জন প্রার্থী সদস্যপদে জয়লাভ করেন। এই প্যানেল থেকে জয়ী প্রার্থী হলেন সদস্যপদে সিইই বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের।
- বিষয় :
- শাবি শিক্ষক সমিতি