ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নারী নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম ও হটলাইন চালু ডিএমপি'র

নারী নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম ও হটলাইন চালু ডিএমপি'র
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০ | ০৬:২৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২০ | ০৬:৩৭

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম এবং হটলাইন চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাজধানী তেজগাঁও থানা চত্ত্বরে অবস্থিত উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে (ভিক্টিম সাপোর্ট সেন্টার) এ টিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। এ সময় কুইক রেসপন্স টিমের জন্য একটি গাড়ি ও হটলাইন- ০১৩২০০৪২০৫৫ নম্বরসহ মোবাইল ফোন হস্তান্তর করেন ডিএমপি প্রধান।

কোনো নারী বিপদে পড়লে ওই নম্বরে ফোন করে তাৎক্ষণিকভাবে পুলিশি সহায়তা নিতে পারবেন। এ ছাড়া নারীরা তাদের সমস্যা নিয়েও কথা বলতে পারবেন।

ডিএমপি কমিশনার বলেন, সামাজিক অপরাধগুলো যেমন ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা সরাসরি প্রতিরোধ করার উপায় একটু কঠিন। এজন্য কুইক রেসপন্স টিম গঠন ও হটলাইন চালু করা হয়েছে। নারীরা রাস্তায় বা অন্য কোথাও অনিরাপদ বোধ করলে বা বিপদে পড়লে এই টিমের হটলাইনে যোগাযোগ করে তাৎক্ষণিক সাহায্য নিতে পারবেন। নারীদের সমস্যা শুনতে ও সামাজিক নির্যাতন প্রতিরোধ করতে একটি বিশেষ টিমের প্রয়োজন অনুধাবন করেই কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। বিপদাপন্ন নারীকে সহায়তা দিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবে এ টিম।

ডিএমপি কমিশনার আরও বলেন, আসুন আমরা সন্তানকে মানুষ বানাই, ধর্ষক না। আমার সন্তানকে ধর্ষক হওয়া থেকে বিরত রাখতে পারলে অন্যের সন্তান নিরাপদ থাকবে।

পুলিশ সদস্যদের মানবিক শিক্ষা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, থানায় ভুক্তভোগী আসলে কিভাবে মানবিক সহায়তা দিতে হবে তা পুলিশ সদস্যদের শেখানো হচ্ছে। প্রতিটি থানায় নারী ও শিশু সহায়তা ডেস্ক রাখা হয়েছে, যেখানে নারী কর্মকর্তাদের পদায়িত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×