দুবাইয়ে জলবায়ু শীর্ষ সম্মেলন কপ২৮ শুরু
অংশ নিয়েছে বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধি দল
বৃহস্পতিবার দুবাইয়ের এক্সপ্রো সিটিতে কপ২৮ শুরু হয়। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩ | ০০:৪৬ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৫
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ২৮। বৃহস্পতিবার দুবাইয়ের এক্সপ্রো সিটিতে এ সম্মেলন শুরু হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয় নিয়ে শুরু হওয়া এ সম্মেলন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা অংশ নিতে শুরু করেছেন। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও রাশিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটেনের রাজা চার্লস সম্মেলনে অংশ নিতে পারেন।
সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের ২২ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। ১৫২ বর্গমিটার আয়তনের বাংলাদেশ প্যাভিলিয়নও স্থাপন করা হয়েছে। পরিবেশমন্ত্রী জানান, ওই প্যাভিলিওনে বিভিন্ন সাইড ইভেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের ২০২৩ সালের বৈশ্বিক জলবায়ু পদক্ষেপ বিষয়ক সংস্করণে বলা হয়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা না গেলে বিপর্যয় দেখা দেবে। তবে বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা আগের চেয়ে বেশি জলবায়ু-সংক্রান্ত পদক্ষেপ নিচ্ছেন। এটি বাড়লে লক্ষ্য অর্জন সম্ভব।
জাতিসংঘের শীর্ষ জলবায়ু কর্মকর্তা সাইমন ইমানুয়েল কারভিন স্টিয়েল বলেন, সর্বত্র জলবায়ু সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে জ্বালানি ও পরিবহন থেকে নির্গত ধোঁয়া থেকে যে দূষণ হয়, তা রোধ করা জরুরি। এটিকে প্রকৃতির জন্য সহনশীল অবস্থায় নিতে হবে। সব অংশীজনের মধ্যে বৃহত্তর সহযোগিতা জলবায়ু পরিবর্তন সংকট কাটানোর সুযোগ করে দেবে।
কপ২৮ এর চলতি আসরের সভাপতি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবেরকে। তিনি বলেন, নষ্ট করার মতো সময় তাদের নেই। নির্গমন কমাতে তাদের এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যস্ততার কারণে সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন কিনা, তা নিশ্চিত হয়নি। গত ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় সমাবেশ করে জলবায়ু-সংশ্লিষ্ট ১৩টি প্রতিষ্ঠান ও সংগঠন। রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে স্টাম্পফোর্ড ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ধনী দেশগুলোকে বৈশ্বিক জলবায়ু উষ্ণতার জন্য দায়ী করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সরকারকে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিশিষ্ট মানবাধিকার নেত্রী সুলতানা কামালের সভাপতিত্বে সমাবেশে সুপারিশগুলো তুলে ধরেন ওয়াটারকিপারস বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল।
সংশ্লিষ্টরা বলেন, প্রতিবারের মতো এবারও সম্মেলনে বেশ কিছু প্রত্যাশা থাকবে বিশ্ববাসীর। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বৈশ্বিক লড়াইয়ের প্রশ্নে কার্যকর উদ্যোগের অবতারণা ঘটবে বলেও প্রত্যাশা থাকবে। জলবায়ু অর্থায়ন (ক্লাইমেট ফান্ডিং) বৃদ্ধির পাশাপাশি জ্বালানি পরিবর্তনের (জীবাশ্ম জ্বালানি থেকে বের হয়ে নবায়নযোগ্য উৎসের সন্ধান) বিষয়ও গুরুত্ব পাবে সম্মেলনে।
- বিষয় :
- কপ২৮
- বিশ্ব জলবায়ু সম্মেলন