বিচারপতিকে নিয়ে অশালীন মন্তব্যে দিনাজপুর পৌর মেয়রকে তলব
দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ০৪:০৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ০৫:৩৩
দিনাজপুর পৌরসভার মেয়র ও বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলমকে তলব করেছেন আপিল বিভাগ। ২৪ আগস্ট সকাল ৯টায় তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া তার প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে জাহাঙ্গীর আলমের বক্তব্যের সূত্রে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। চার আইনজীবী আদালত অবমাননার আবেদনটি করেন।
ওই বক্তব্যে বিচারপতির বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে তিনি মন্তব্যটি করেছিলেন।
আদালত অবমাননার জন্য জাহাঙ্গীর আলমকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতে বলেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আদালতে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
- বিষয় :
- জাহাঙ্গীর আলম
- দিনাজপুর পৌর মেয়র
- তলব
- আপিল বিভাগ