ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অভিযানে ৫৯ কিশোর আটক, ‘অভিভাবক’দের থানায় হামলা

অভিযানে ৫৯ কিশোর আটক, ‘অভিভাবক’দের থানায় হামলা
×

হামলার কারণে থানার দরজা ভেঙে যায়। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:১১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:১২

বিশেষ অভিযানে ৫৯ জন কিশোরকে আটক করেন কুমিল্লার দাউদকান্দি মডেল থানা ও গৌরিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। খবর পেয়ে কিশোরের অভিভাবকরা হামলা চালিয়ে থানার আসবাবপত্র ও দরজা জানালা ভাঙচুর করেছেন। এ সময় আটক বেশ কিছু কিশোর থানা থেকে পালিয়ে যায়। 

বুধবার রাত ৮টার দিকে থানা ভবনে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একাধিক ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে থানায় হামলা ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

এক মিনিট ১১ সেকেন্ডের ও ভিডিওতে দেখা গেছে, দাউদকান্দি মডেল থানায় নারী পুরুষ, শিশু কিশোরসহ কয়েকশ লোক থানার ভেতরে অস্থিরভাবে ঘোরাফেরা করছেন। থানার ভেতরে প্রতিটা রুমে ঘোরাফেরার জন্য সেখানে উত্তেজনা তৈরি হয়।

রাত সোয়া একটায় ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ সমকালকে বলেন, আজ সন্ধ্যা থেকে কিশোর গ্যাং সদস্যদের খুঁজে থানা ও গৌরিপুর তদন্ত কেন্দ্রের অভিযানে ৫৯ জন আটক করা হয়। তাই, অভিভাবকরা খবর পেয়ে থানায় এসে সন্তানদের ফিরিয়ে নিতে হট্রগোল শুরু করেন। কেউ কেউ বাহির থেকে উত্তেজনা ছড়ায় এবং ঢিল মারে। এ সময় একটি পুরাতন দরজার একটা অংশ খুলে যায়। লোকজনের ভিড়ে কিছু চেয়ার উল্টে যায়।

ওসির ভাষ্য, তথ্য যাচাই করে আটককৃতদের অভিভাবকদের নিকট থেকে লিখিত নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।

এদিকে, জেলার ১৮টি থানা ও পুলিশ ফাঁড়িগুলোর আওতাধীন এলাকায়ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চলছে বলে রাতে জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা মুঠোফোনে বলেন, রাতভর অভিযান চলবে। তাই, ছেড়ে দেওয়ার পর আটককৃতদের সঠিক সংখ্যা বৃহস্পতিবার সকাল ১০টার পর গণমাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন

×