ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শীতলক্ষ্যা নদীর দূষণ বন্ধে প্রতিবেদন তলব হাইকোর্টের

শীতলক্ষ্যা নদীর দূষণ বন্ধে প্রতিবেদন তলব হাইকোর্টের
×

হাইকোর্ট। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৫ | ২৩:১৮

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে বিআইডব্লিউটিএ‘কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া পরিবেশ মন্ত্রণালয় ও  পরিবেশ অধিদপ্তরকে নদীর দূষণ ও ক্ষতির মাত্রা নির্ধারণ করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুল জারিসহ এই আদেশ দেন। রুলে নদীর পানি দূষণের জন্য দায়ী শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ আদায়ের কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদেশে, বিআইডব্লিউটিএ-কে একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি নদীর দূষণরোধে ব্যবস্থা নেবে এবং দুই সপ্তাহের মধ্যে আদালতে একটি প্রতিবেদন দাখিল করবে। 

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) গত ২৪ এপ্রিল জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করে। রিটে বলা হয়, শিল্পকারখানার বর্জ্য নদীতে ফেলার কারণে শীতলক্ষ্যা নদীর পানির গুণগতমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে পরিবেশ, জলজ প্রাণী ও আশপাশের মানুষের জীবনধারায় নেতিবাচক প্রভাব পড়ছে। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। শুনানিতে তিনি বলেন, শীতলক্ষ্যার দূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে নদী এক সময় বিলীন হয়ে যাবে।
আদালতে শুনানিতে আরও উপস্থিত ছিলেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান।

আরও পড়ুন

×