ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডব্লিউএইচও'র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

ডব্লিউএইচও'র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
×

সায়মা ওয়াজেদ। ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০০ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সায়মা ওয়াজেদ গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছর মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেন সায়মা। গত বছরের শেষ দিকে তাকে ছুটিতে পাঠায় সংস্থাটি। এর আগে ওই বছরের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ৩ জুলাই এক চিঠিতে সায়মা ওয়াজেদের আইনজীবীরা জানান, ডব্লিউএইচও তার বিরুদ্ধে চীন সফরে আর্থিক জালিয়াতি ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনেছে। তবে সায়মা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বরাবর পাঠানো পদত্যাগপত্রে সায়মা জানান, বাংলাদেশে অবৈধভাবে একটি প্লটের মালিক হওয়ার অভিযোগ করা হয়েছে। ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগে বৈধভাবে তিনি ওই জমির মালিকানা পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি ওই জমির অধিকারী ছিলেন বলে উল্লেখ করেছেন।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, সেবা করার লক্ষ্যে তিনি ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছিলেন এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন। তবে দায়িত্ব পালনে বারবার বাধা দেওয়া হয়েছে। ছুটিতে পাঠানোর প্রায় এক বছরে কোনো পারিশ্রমিক পাননি বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন সায়মা। 

ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের অধীনে বাংলাদেশ ও ভারতসহ এ অঞ্চলের দেশগুলো রয়েছে। আঞ্চলিক পরিচালকরা সাধারণত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতিতে ডব্লিউএইচওর কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থার নীতিমালা বাস্তবায়নে ভূমিকা রাখেন।

আরও পড়ুন

×