হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৩
| প্রিন্ট সংস্করণ
দেশে হামের উপসর্গ নিয়ে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে চারজন করে মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩০-তে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০০ জন। সব মিলিয়ে প্রায় ছয় মাসে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৩০ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত বুলেটিন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪১৯ জন। এরপর সিলেট বিভাগে ১৬১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭০, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ১৭৭ জন রোগী এসেছে। তাদের মধ্যে এক হাজার ৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এক লাখ ৭২ হাজার ৭২০ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে এক লাখ ৫২ হাজার ১১৭ জনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৪৬ হাজার ৪০০ জন।
এ পর্যন্ত ২০ হাজার ১২৪ নমুনা পরীক্ষা করে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে হাসপাতালে আসা কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীর নমুনা পরীক্ষা করা হয় না। ফলে পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দিয়ে হামের প্রকৃত বিস্তারের চিত্র পাওয়া সম্ভব নয়।
- বিষয় :
- মৃত্যু