ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় সারাদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

জ্বালানি তেলের দাম বাড়ায় সারাদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

সব ধরনের জ্বালানি তেলের মূল্য এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধিতে সারাদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। ঢাকায় এ নিয়ে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন এবং বামপন্থি দলগুলো। অন্যান্য দল ও সংগঠন পৃথক বিবৃতিতে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।  

গত রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী গতকাল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। 

সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণের আহ্বান জামায়াতের
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে এ সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণের আহ্বান জানান। সমাবেশে আরও বক্তব্য দেন, সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, মোবারক হোসেন, সাদিক কায়েম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।

এনসিপির বিক্ষোভ মিছিল
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলামটর থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ ও মহানগর নেতারা মিছিলে উপস্থিত ছিলেন।  

গণআন্দোলন গড়ে তোলার আহ্বান যুক্তফ্রন্টের
জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশে তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করা হলে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। জোটের নেতারা বলেন, জনগণের স্বার্থবিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশে সভাপতির বক্তব্যে যুক্তফ্রন্টের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, অতীত থেকে শিক্ষা না নিলে আইএমএফের সংস্কার সরকারকে দেউলিয়া অবস্থায় নিয়ে যাবে। সমাবেশে আরও বক্তব্য দেন বজলুর রশীদ ফিরোজ, নাজমুল হক প্রধান, ইকবাল কবির জাহিদ, মোশরেফা মিশু, মাসুদ রানা, আব্দুল আলী, মহিউদ্দিন চৌধুরী লিটন, রজত হুদা, সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ।

সরকারকে ব্যর্থ বলছে ইসলামী আন্দোলন
তেলের দাম বৃদ্ধিকে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন বলে আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন। দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল সন্ধ্যায় রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন দলটির নেতারা। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এ সমাবেশে দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেন, সরকার ৭ মাসে দুই দফায় তেলের দাম বাড়িয়েছে। অস্বাভাবিক হারে তেলের দাম বৃদ্ধি সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন।

অন্য দল ও সংগঠনের প্রতিবাদ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে ‘সরকারের গণবিরোধী নীতির প্রকাশ’ বলে আখ্যা দেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল পৃথক বিবৃতিতে বলেন, ‘যখন যেমন তখন তেমন’ নীতিতে দেশ পরিচালনা কখনই মঙ্গল বয়ে আনবে না। 
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও অস্বাভাবিক। 
বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা বিবৃতিতে বলেন, আইএমএফের পরামর্শে সরকারি সেবা খাতে ভর্তুকি কমানোর নামে জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধি চূড়ান্ত জনবিরোধী। 
জ্বালানির দাম বৃদ্ধির আরও প্রতিবাদ জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। 

ঢাকার বাইরে বিক্ষোভ
সিলেট ব্যুরো জানায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দেন, জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, নগর নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল প্রমুখ। 
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। পরে রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান প্রমুখ।

আরও পড়ুন

×