ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এক দিন বিরতির পর ১৮ জেলায় তাপপ্রবাহ

বৃষ্টি বাড়তে পারে আগামীকাল থেকে

এক দিন বিরতির পর ১৮ জেলায় তাপপ্রবাহ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৬

| প্রিন্ট সংস্করণ

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন স্থানে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। গতকাল সোমবার ঢাকাসহ দেশের ১৮ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। রাজধানীতেও তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে আজ মঙ্গলবার থেকে তাপপ্রবাহের বিস্তার কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হলে বুধবার বা বৃহস্পতিবার থেকে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, মঙ্গলবার থেকে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ফরিদপুর, খুলনা ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি, টাঙ্গাইলে ৩৬ দশমিক ৮, রাজশাহীতে ৩৬ দশমিক ৫, সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৫, ময়মনসিংহে ৩৬ দশমিক ৪, গোপালগঞ্জে ৩৬ দশমিক ২, যশোরে ৩৬ দশমিক ২ এবং ফেনীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাবনার ঈশ্বরদী, কিশোরগঞ্জের নিকলী, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৬ ডিগ্রি এবং সিলেটে ৩৬ দশমিক ১ ও চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চলতি মাসে এর আগেও দুই দফায় তাপপ্রবাহ বয়ে গেছে। গত মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ ছিল। এর পরদিন বুধবার তা কমে ১১ জেলায় নেমে আসে। এরপর দুই দিনের বিরতি দিয়ে শনিবার আবার তাপপ্রবাহ শুরু হয়। গত রোববার বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় তাপপ্রবাহের বিস্তার কমে যায়। কিন্তু এক দিনের বিরতির পর গতকাল দেশের বিভিন্ন এলাকায় আবার তাপপ্রবাহ শুরু হয়েছে।
তাপপ্রবাহের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্রগুলো বলছে, লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর গতিপথ ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি শেষ পর্যন্ত বাংলাদেশের দিকে না এলেও এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বা বৃহস্পতিবার থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 
আবহাওয়াবিদরা বলছেন, এই মুহূর্তে দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ থাকলেও আগামী কয়েক দিনে বৃষ্টির বিস্তার বাড়লে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন

×