ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ স্থানে প্রাণ গেল ৯ জনের, আহত ১৮

পাঁচ স্থানে প্রাণ গেল  ৯ জনের, আহত ১৮
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪১

| প্রিন্ট সংস্করণ

মাদারীপুরের শিবচর, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর পাঁচদোনা, সিরাজগঞ্জের শাহজাদপুর ও কুষ্টিয়ার খোকশায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৮ জন গুরুতর আহত  হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বেপরোয়া গতি, অসাবধানতা এবং ওভারটেকিংয়ের ফলেই গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর–
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় চাকা পাংচার হয়ে যাওয়ায় ঢাকাগামী ‘পালকি পরিবহন’-এর একটি বাস সড়কের পাশে রেখে মেরামত করা হচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা ‘হানিফ পরিবহন’-এর একটি বাস পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেল ও টমটম ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোহাদ্দিছ (২২) ও নয়ন মিয়া (২৩) নামের দুই তরুণ নিহত হয়েছেন। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকের ৩ যাত্রী আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশা যাত্রী চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার নুর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার সাইদুল ইসলামের (২২) মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরের সরিষাকোল বাজারে রাস্তার পাশে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন চালক মোমিনুল ইসলাম (৩৫)। এ সময় একটি দ্রুতগামী পাথরবোঝাই ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মোমিনুল ইসলাম মারা যান। 
শাহজাদপুর ফায়ার স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ সমকালকে বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়ার খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের কাছে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে বৃষ্টির হাত থেকে সুরক্ষার জন্য নছিমনে থাকা পেঁয়াজ পলিথিন দিয়ে ঢাকার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নছিমনচালক আলমগীর হোসেনকে (৪০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আলমগীর হোসেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৃগী গ্রামের বাসিন্দা।
খোকসা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার আলতাফ হোসেন ও থানার এসআই মশিউর সমকালকে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরসহ পরবর্তী ব্যবস্থা হাইওয়ে পুলিশ নেবে। 
[তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি]

আরও পড়ুন

×