ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন

সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন
×

রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩২

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় তার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, পুরো ঘটনা না জেনে মন্তব্য করেছেন সালমান মুক্তাদির।

শনিবার রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটে। পরে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, বিএনপির লোকজনকে চাঁদা না দেওয়ায় তার স্টুডিও ভাঙচুর করা হয়েছে।

রোববার এক ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, নিউগিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাও রয়েছে। তার ভাষ্য, ওই জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল।

রাশেদ খাঁনের দাবি, নিউগিনি প্রোপার্টিজের সংলগ্ন এলাকায় সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে। সাবেক সরকারি কর্মকর্তাদের অভিযোগ, প্রভাব বিস্তার করে ওই ৮ কাঠা জমি দখল করেছেন নাজিম উদ্দীন।

তিনি আরও বলেন, সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে স্টুডিও করেন সালমান মুক্তাদির। একই সময়ে নিউগিনি প্রোপার্টিজের পক্ষ থেকে তিনটি নতুন গেট দেওয়া হয়, যাতে অন্য জমির মালিকেরা ভেতরে প্রবেশ করতে না পারেন বলে দাবি করেন রাশেদ।

রাশেদের ভাষ্য, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাবেক সরকারি কর্মকর্তারা লোক ভাড়া করে গেট ভাঙতে যান। এ সময় নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর করা হয়।

রাশেদ খাঁন বলেন, ‘দখল ও পাল্টা দখলের সঙ্গে বিএনপির কিংবা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই।’ তার দাবি, পুরো ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সালমান মুক্তাদিরের উচিত ছিল সব পক্ষের সঙ্গে কথা বলে পুরো ঘটনা জেনে এরপর মন্তব্য করা। তার দাবি, তা না করে বিএনপির লোকজনকে চাঁদা না দেওয়ায় স্টুডিও ভাঙচুর করা হয়েছে বলে মন্তব্য করেছেন সালমান।

রাশেদ খাঁন বলেন, ‘আশা করি, এবার তিনি সত্যতা তুলে ধরবেন।’ একই সঙ্গে সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, দোষীরা যথাযথ শাস্তি পাবে এবং সালমান ন্যায়বিচার পাবেন।

আরও পড়ুন

×