জাসদ কার্যালয়ে হামলা ও গণগ্রেপ্তারের নিন্দা যুব মৈত্রীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪৮
জাসদের প্রতিনিধি সভা চলাকালে দলটির কার্যালয়ে মব ও হামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী।
রোববার বাংলাদেশ যুব মৈত্রীর সম্পাদকমণ্ডলীর এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত শনিবার জাসদ কার্যালয়ে জাসদের প্রতিনিধি সভা চলাকালে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী আছেন-এমন অভিযোগ তুলে মব ও হামলা করা হয়। পরে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ যুব মৈত্রীর নেতৃবৃন্দ বলেন, একটি রাজনৈতিক দলের নিজস্ব প্রতিনিধি সভা আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও আইনগত প্রক্রিয়া অনুসরণের পরও সেখানে হামলা চালানো এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করা নিছক আইনশৃঙ্খলার বিষয় নয়। এটি রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার চর্চার ওপর সরাসরি হস্তক্ষেপ।
বিবৃতিতে আরও বলা হয়, দেশে মব-সংস্কৃতি ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাও বাড়ছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হওয়া উচিত আইনের শাসন ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু রাজনৈতিক কর্মসূচি ও মতপ্রকাশের ওপর দমন-পীড়ন চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলা হচ্ছে বলে দাবি করেন নেতৃবৃন্দ।
তারা বলেন, এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক সহনশীলতা ও নাগরিক অধিকার আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
বাংলাদেশ যুব মৈত্রীর নেতৃবৃন্দ আরও বলেন, মত ও পথের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, সভা-সমাবেশে বাধা এবং গণহারে গ্রেপ্তারের মাধ্যমে সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নির্মাণ করা সম্ভব নয়। এসব কর্মকাণ্ড যুব সমাজের কর্মসংস্থান ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামকেও বাধাগ্রস্ত করে।
বিবৃতিতে অবিলম্বে গ্রেপ্তার করা নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে রাজনৈতিক সভা-সমাবেশ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, দমন-পীড়ন নয়, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন, রাজনৈতিক সহনশীলতা ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে।