ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এক পয়সাও বাড়ানো হয়নি লবণের দাম: সরবরাহকারী প্রতিষ্ঠান

এক পয়সাও বাড়ানো হয়নি লবণের দাম: সরবরাহকারী প্রতিষ্ঠান
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ১০:১৮

মঙ্গলবার সকাল থেকেই দেশে লবণ সংকট এবং এর দাম বাড়ছে- এমন গুজব ছড়াতে থাকে। গুজবে কান দিয়ে লবণ কিনতে বাজারে ছোটেন অনেক মানুষ। হঠাৎ করেই রাজধানী ঢাকাসহ সারাদেশে লবণ কেনার হিড়িক পড়ে যায়। ক্রেতারা জানান, লবণের কেজি একশ' টাকা ছাড়িয়ে যাবে এই আশঙ্কায় তারা আগেভাগে অতিরিক্ত লবণ কিনে রাখছেন।

তবে লবণ সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন লবণের দাম এক পয়সাও বাড়ানো হয়নি। দেশে লবণের মজুতের ঘাটতিও নেই।

লবণ সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই সল্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর বলেন, দাম বাড়ার ঘটনা গুজব। লবণ সরবরাহের কোনো সমস্যা নেই। এক পয়সাও দাম বাড়ানো হয়নি। 

কনফিডেন্স সল্টের মহাব্যবস্থাপক সামসুদ্দিন বলেন, লবণের ঘাটতিও নেই, দামও বাড়ানো হয়নি। কারণ শুল্কমুক্ত বন্ডের লবণ বাজারে চলে আসছে। 

মোল্লা সল্টের মহাব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, কক্সবাজারে চাষিদের কাছেই চার লাখ টনের মতো লবণ মজুদ আছে। লবণের চাহিদা কম। লবণের দাম নেই। এ কারণে অনেক চাষি নতুন মৌসুমে লবণ চাষ শুরু করেননি এখনও। আগামী দুই মাস মিল চালানোর মতো লবণ তাদের হাতে আছে। 

পূবালী সল্টের মালিক পরিতোষ কান্তি সাহা বলেন, তার কাছে কেউ লবণের বিষয়ে জানতে চাইলে তিনি তাদের বলেছেন কত লাগবে নিয়ে যান। লবণের অভাব নেই।

আরও পড়ুন

×