ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

‘যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদনে খালেদা জিয়াকে নিয়ে তথ্য বানোয়াট’

‘যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদনে খালেদা জিয়াকে নিয়ে তথ্য বানোয়াট’
×

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২১ | ০৯:৩২

যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গৃহবন্দি’ উল্লেখ করে দেওয়া তথ্য বানোয়াট ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সোমবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড.মোমেন বলেন, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ উন্নয়ন দপ্তর প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে যাচাই-বাছাই না করেই তথ্য দেওয়া হয়েছে। এসব তথ্য বানোয়াট ও আপত্তিকর। বাংলাদেশ সেই আপত্তির কথা যুক্তরাজ্যকে জানিয়েছে।

দুদিন আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ উন্নয়ন দপ্তর প্রকাশিত ‘মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদন ২০২০’-এর বাংলাদেশ অংশে বিএনপি চেয়ারপারসন ‘হাউস অ্যারেস্ট’ বা ‘গৃহবন্দি’ আছেন বলে উল্লেখ করা হয়। এ পরিপ্রেক্ষিতে গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) ফাইয়াজ মুরশিদ কাজীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করা হয়।

এ সময় তাকে জানানো হয়, যুক্তরাজ্যের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে কিছু বিষয়ের অবতারণা করা বাংলাদেশকে হতাশ করেছে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থানকে ‘হাউস অ্যারেস্ট’ বা গৃহবন্দি হিসেবে মন্তব্য করা হয়েছে। যা চরম বিভ্রান্তিকর।

এ ব্যাপারে প্রকৃত তথ্য তুলে ধরে হাইকমিশনারকে জানানো হয়, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি দণ্ডবিধি-১৮৯৮ অনুসারে তার কারাদণ্ড স্থগিত করে ২০২০ সালের ২০ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। তিনি বিদেশ যাবেন না, দেশেই চিকিৎসা নেবেন, এ শর্তেই তাকে মুক্তি দেওয়া হয়। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য কারাদণ্ড স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। পরে ২০২০ সালের সেপ্টেম্বর ও ২০২১ সালের মার্চে দুই দফায় তার কারাদণ্ড স্থগিত করে মুক্তির আদেশের সময়সীমা বাড়ানো হয়।

একইসঙ্গে খালেদা জিয়ার বর্তমান অবস্থানের বিষয়ে কোনো বিভ্রান্তি থাকলে বাংলাদেশের সংশ্নিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করার জন্য ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারকে পরামর্শ দেওয়া হয়। যুক্তরাজ্য সরকার যাতে বাংলাদেশ সরকার কিংবা সরকারি দল আওয়ামী লীগের বিষয়ে কটাক্ষমূলক ও বিভ্রান্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকে, সে বিষয়টিও এ সময় মনে করিয়ে দেওয়া হয় হাইকমিশনারকে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাস টিকা আনার প্রক্রিয়া চলছে। জাপান থেকে টিকা পাওয়ার ব্যাপারেও বাংলাদেশ আশাবাদী।

আরও পড়ুন

×