ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে বিতর্ক উৎসবে সরকারি বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন, জুবিলী উচ্চ বিদ্যালয় রানার্সআপ

পটুয়াখালীতে বিতর্ক উৎসবে সরকারি বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন, জুবিলী উচ্চ বিদ্যালয় রানার্সআপ
×

পটুয়াখালীতে বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিতার্কিকরা। ছবি-সমকাল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫৬

বিএফএফ-সমকাল ১২তম জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬-এ পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। বিতর্কে সেরা বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা মাসতে তাইয়্যেবা গহীন।

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে বুধবার পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীতে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এবারের উৎসবে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন খুদে বিতার্কিক।

প্রথম পর্বে প্রতিযোগী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম রাউন্ডে ‘স্কুল শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা জরুরি’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয়ে সেমিফাইনালে ওঠে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়।

সেমিফাইনালে ‘প্রযুক্তির প্রতি আসক্তি তরুণদের অলস ও সমাজবিচ্ছিন্ন করছে’ বিষয়ে বিতর্কে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পটুয়াখালী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ফাইনালে ওঠে।

ফাইনালে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য হুমকি নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার’ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়ে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পক্ষে থাকা পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের হর্টিকালচার বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জেলা সুহৃদ সমাবেশের সভাপতি প্রভাষক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের তার্কিক দলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. আব্দুল হালিম, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তার্কিক দলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মহাম্মদ মিরাজ, বিচারক দলের টিম লিডার শাহানাজ ফাহিমা বীথি ও জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা সদস্য গাজী হানিফ।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমকালের জেলা প্রতিনিধি ও সুহৃদ সমাবেশের জেলা সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন। সঞ্চালনা করেন জেলা সুহৃদ সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক হামিদা আক্তার রিমি।

প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন শাহানাজ ফাহিমা বীথি। বিচারক ছিলেন মীর তানজিল, ইশতিয়াক আহমেদ জিওন, সাব্বির হোসেন সোহাগ, লোহমা ইসলাম ও নাজনীন সুলতানা। মডারেটরের দায়িত্বে ছিলেন জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা পরিষদ সদস্য গাজী হানিফ ও সোনিয়া কর্মকার। সময় নির্ধারকের দায়িত্ব পালন করেন সুহৃদ সংগঠক নাজমুল খান, হাওয়া ইসলাম বৃষ্টি, মোহাম্মদ রাকিব ও আরিফ হোসেন লাবিব।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা সুহৃদ সমাবেশের সিনিয়র সহসভাপতি পলাশ চন্দ্র হাওলাদার, সহসভাপতি সাইয়ারা আফিয়া ঝুমুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও মোসা. নাদিরা মৃধা।

আরও পড়ুন

×