শুধু নীতিমালা নয়, পরিবেশ দূষণ রোধে সচেতনতা জরুরি: বিতর্কে শিক্ষার্থীরা
ছবি-সংগৃহীত
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৮
শুধু নীতিমালা প্রণয়ন করে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব নয়, এ জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন বরগুনায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা। তবে এর বিপক্ষে অবস্থান নিয়ে অন্য শিক্ষার্থীরা বলেন, সচেতনতার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে বিদ্যমান নীতিমালার কার্যকর বাস্তবায়ন ও আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
বুধবার বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সুবাইতা রহমান।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ বরগুনা জেলা শাখার সভাপতি তারিক বিন আনসারী সুমন।
অধ্যক্ষ ড. মো. মতিয়ার রহমান বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশের অন্যতম মাধ্যম বিতর্ক প্রতিযোগিতা। এ ধরনের আয়োজনের দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের হলেও দৈনিক সমকাল বছরের পর বছর গুরুত্বপূর্ণ এ আয়োজন করে আসছে। বিজ্ঞানের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা জরুরি।
উৎসব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ চন্দ্র বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ জেড এম সালেহ্ ফারুক এবং বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া।
মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষার্থীদের অপরাধ জগৎ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। সংবাদ প্রকাশের পাশাপাশি সমকাল এ ধরনের আয়োজন করায় তিনি পত্রিকাটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্কসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর আহ্বান জানান তিনি।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চিত্তরঞ্জন শীল, লেমুয়া সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম এবং বরগুনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. হাফিজুর রহমান। মডারেটরের দায়িত্ব পালন করেন সমকাল সুহৃদ সমাবেশ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক নাইম ইসলাম।
প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হলো বরগুনা জিলা স্কুল, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা পুলিশ লাইনস হাই স্কুল, বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং আলহাজ আব্দুল করিম হাওলাদার মডেল হাই স্কুল।
বিতর্ক উৎসবের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন দৈনিক সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ্।
- বিষয় :
- বিজ্ঞান
- বিতর্ক উৎসব
- বরগুনা