সানস্ক্রিন মাখার পরেও সানট্যান হয়? যা করবেন
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৪
সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে বাঁচাতে অনেকেই নিয়ম করে সানস্ক্রিন মাখেন। তবু রোদে ত্বক পুড়ে যায়। ত্বকে কালচে ও ছোপ ছোপ দাগ দেখা যায়। কারো কারো ত্বল লালচে দেখায়। যদি সানস্ক্রিন ব্যবহারের পরেও ত্বকের এমন বেহাল অবস্থা হয়, তাহলে বুঝতে হবে এটি সঠিক নিয়মে ব্যবহার করা হচ্ছে না।
নিউজ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সানস্ক্রিন কেনার সময় তা এসপিএফ ৫০+ কিনা তা দেখা উচিত। ত্বকের ধরন বুঝে ভিন্ন-ভিন্ন সানস্ক্রিন বেছে নেওয়া উচিত। তৈলাক্ত ত্বকের জন্য বেছে নিন জেল ভিত্তিক সানস্ক্রিন। শুষ্ক ত্বকের জন্য সেরা লোশন ফর্ম সানস্ক্রিন।
সানস্ক্রিন বেছে নেওয়ার সময়, এসপিএফ এবং পিএ রেটিং দেখে নিন। এসপিএফ মানে সান প্রোটেকশন ফ্যাক্টর, যা ইউভিবি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এই রশ্মিই ত্বককে পুড়িয়ে দেয়। পিএ অর্থাৎ সুরক্ষা গ্রেড ত্বককে ইউভিএ রশ্মি থেকে রক্ষা করে। ইউভিএ রশ্মি ত্বককে দ্রুত বুড়িয়ে দেয়, ত্বকে উঁকি মারে বলিরেখা। একটি ভালো সানস্ক্রিনে কমপক্ষে এসপিএফ ৫০ এবং পিএ+++ থাকা উচিত।
সঠিক পরিমাণ
সানস্ক্রিন মাখলেই হলো না, কতটা মাখবেন, সেটাও জানা জরুরি। এক্ষেত্রে ২ বা ৩ আঙুলের নিয়ম মেনে চলতে হবে। শুধুমাত্র ২-৩ আঙুলের সমান সানস্ক্রিন লাগালেই ত্বককে ট্যানিং থেকে বাঁচানো যায়। পাশাপাশি, সানস্ক্রিন ঘাড় পর্যন্ত ভালো করে মাখুন। অনেকেই ময়েশ্চারাইজারের সঙ্গে সানস্ক্রিন মিশিয়ে মাখেন। এটা ভুল পদ্ধতি। এতে সানস্ক্রিনের কার্যকারিতা কমে যায়।
ব্যবহারের সঠিক সময়
অনেকেই বাড়ির বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন মাখেন। বিশেষজ্ঞরা মনে করেন, বাড়িতে থাকলেও দিনে অন্তত তিনবার সানস্ক্রিন মাখতে হবে। সূর্যের রশ্মি ছাড়াও দূষণ ও ধুলোবালির কারণে ত্বক জেল্লা হারায়, সানট্যান দেখা দেয়। আর রোদে যাওয়ার ১৫ থেকে ৩০ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন মাখতে হবে। প্রতি ২ ঘণ্টা পর পর এটি ফের ব্যবহার করলে রোদে পোড়া দাগ থেকে বাঁচা যায়।
- বিষয় :
- সানস্ক্রিন