যে কারণে বাগান করা উচিত
×
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০১৪ | ০০:৩১
যান্ত্রিক এই নগর জীবনে 'শেকড়ে' ফিরে যাওয়ার অন্যতম উপায় হলো বাগান করা। যদি আপনার মনে কখনো বাগান করার শখ জেগে থাকে তবে আর দেরি করবেন না। বাগান করার অনেক ভালো দিক রয়েছে।
বাসার সামনের এক চিলতে জমিতে করতে পারেন বাগান। জমি নেই? তাতে কি; বাসার ছাদের খালি জায়গার যথাযথ ব্যবহার করুন। থাকুন সবুজের কাছাকাছি। পরিবেশ বাঁচান, বাঁচান জীবন। বাগান থাকলে যা হতে পারে-
১. মুড়ি মাখিয়েছেন, কিন্তু কিসের যেন অভাব! ঘরে ধনিয়া পাতা নেই? বাজার থেকে আনার চেয়ে নিজের বাগান থেকেই নিয়ে আসুন দুটি পাতা। বাড়িতে সবজি বাগান থাকলে ইচ্ছামতো যে কোনো সময়ে সেখান থেকে সবজি নিয়ে রান্না করতে পারেন। বাগানে টমেটোর গাছ থাকলে সালাদ তৈরির ব্যবস্থাটাও হয়ে যায়। বাগানে লাগাতে পারেন পুই শাক, কিংবা লাউ গাছ। খুব দ্রুতই বেড়ে উঠে এগুলো। তাই বাগান করার মাধ্যমে খুব সহজেই হতে পারে ফরমালিনযুক্ত সবজির ব্যবস্থা।
২. প্রকৃতির কাছাকাছি থাকার সবচেয়ে ভালো উপায় হলো বাগান করা। তাছাড়া খুব বেশি মানসিক চাপ অনুভব করলে নিজেকে নিয়ে যান প্রকৃতির কাছাকাছি। দেখবেন অনেকটাই স্বস্তি লাগছে! যতক্ষণ বাগানে থাকবেন আপনার মন ভালো থাকবে।
৩. সারাদিন বাইরে থাকার পর ঘরে বসে না থেকে বাগানে গিয়ে বসুন, ভালো লাগবে। বাগানে চাষ করুন নানা রকমের ফুল। শীত-গ্রীষ্ম সারা বছরই নানা রকমের ফুল ফোটে। এসব ফুলের গাছ লাগান। বাইরে থেকে ফেরার পর এসব ফুলের গন্ধে মন চনমনে হয়ে উঠবে।
৪. প্রতিদিন বাগানে একটু কাজ করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি প্রায় এক-তৃতীয়াংশ কমে। সম্প্রতি ওয়াশিংটন স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। তাদের মতে, সপ্তাহে মাত্র চার ঘণ্টা বাগান পরিচর্যা করলে ঘণ্টায় দুই মাইল বেগে তিন ঘণ্টা হাঁটার সমান উপকার পাওয়া যায়। তাছাড়া স্বাভাবিক কায়িক শ্রম ও পরিমিত খাদ্য গ্রহণও কিডনিতে পাথরের ঝুঁকি কমাতে সাহায্য করে।
ঘরের ছাদে বাগান: আম, জামরুল, কদবেল, পেয়ারা, জলপাই বিভিন্ন ফলের গাছ লাগানো যেতে পারে ছাদের বাগানে। তবে ফলের গাছ ছাদে লাগাতে হলে ড্রাম ব্যবহার করতে হবে, টবে হবে না। ছাদের গাছে যেহেতু বারবার মাটি বদলানো যায় না, তাই শুরুতেই মাটির সঙ্গে বেশি করে জৈবসার মিশিয়ে নিতে হবে।
আর ফুল ও সবজি গাছের জন্য টব ব্যবহার করা করা যেতে পারে। বাজারে নানা ধরনের নকশা করা চমৎকার টব পাওয়া যায়। টবে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। সূত্র: আমেরিকানকি
- বিষয় :
- লাইফস্টাইল