ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পাঁচতলা ভবন থেকে পড়ে মা-ছেলের মৃত্যু

পাঁচতলা ভবন থেকে পড়ে মা-ছেলের মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ | ০৭:২৭ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ | ০৭:২৭

রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় ১৫ মাস বয়সের ছেলেসহ মোছা. হালিমা নামে এক গৃহবধূ পাঁচতলা ভবন থেকে পড়ে মারা গেছেন।

রোববার সকালে এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম সাদমান। এ ঘটনায় শিশুটির বাবা শাহিনুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

পরিবারের সদস্যদের দাবি, এটি হত্যাকাণ্ড। তবে পুলিশের প্রাথমিক ধারণা-ছেলেকে কোলে নিয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে হালিমা আত্মহত্যা করতে পারে।

পুলিশ জানায়, ডেমরা থানাধীন সানারপাড় দারুস সালাম মসজিদ সংলগ্ন তাজুল ইসলামের ভবনে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন শাহিনুর রহমান। আজ সকাল ৬টার দিকে ভবনের পাশের ডোবা থেকে শাহিনুরের স্ত্রীর মরদেহ এবং তার ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

হালিমার মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। আর শিশু সাদমানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে তার মৃত্যু হয়। মা ও ছেলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হালিমার বাবার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ থানা এলাকায়। তার স্বামী শাহিনুর রহমানের বাড়িও একই জেলায়। শাহিনুর নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন।

হালিমার ভাই আবু সাঈদের অভিযোগ, ছাদ থেকে পড়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। পারিবারিক কলহের জেরে সন্তান ও হালিমাকে হত্যা করে তার স্বামী লাশ বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়েছেন। সুষ্ঠ তদন্ত দাবি করেন তিনি।

হালিমার মামা মোমিনুল ইসলাম সমকালকে বলেন, শাহিনুর প্রথম বিয়ে ও সন্তান থাকার কথা গোপন করে বছর দুয়েক আগে হালিমাকে বিয়ে করেন। ৭-৮ মাস আগে প্রথম বিয়ের বিষয়টি জানতে পারেন হালিমা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

হালিমাকে নির্যাতন করা হত দাবি করে তার মামা বলেন, এক পর্যায়ে হালিমা বাবার বাড়ি চলে যান। পরে তার শাশুড়ি বুঝিয়ে ডেমরায় স্বামীর বাসায় পাঠান। এরপরও হালিমাকে নির্যাতন করা হত বলে অভিযোগ করেন মোমিনুলের। রোববার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডেমরা থানায় মামলার প্রক্রিয়া চলছিল।

পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারি কমিশনার মধুসূদন দাস বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে সন্তানসহ হালিমা ভবনের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছেন। পড়ার সময় পিলারে লেগে মাথায় আঘাত লাহতে পারে। তবে সম্ভাব্য সব বিষয় সামনে রেখে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন

×