ইটিভির প্রধান প্রতিবেদক সেকান্দার রিমান্ডে
যৌন হয়রানির অভিযোগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১৫:০৬ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১৫:০৯
নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) প্রধান প্রতিবেদক এমএম সেকান্দারকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করে দু'দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গতকাল রোববার গভীর রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে র্যা ব-২-এর একটি দল তাকে গ্রেফতারের পর হাতিরঝিল থানায় সোপর্দ করে।
পুলিশ জানিয়েছে, যৌন হয়রানির অভিযোগ এনে রোববার ওই তরুণী হাতিরঝিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় সেকান্দারকে একমাত্র আসামি করা হয়েছে।
বাদী অভিযোগ করেছেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপোর্টিং কোর্স করার সময় প্রতিষ্ঠানটির প্রশিক্ষক সেকান্দারের সঙ্গে তার পরিচয় হয়। পরে তার মাধ্যমেই ইটিভিতে চাকরি পান তিনি। এরপর থেকেই সেকান্দার তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিলেন। কোনো কারণ ছাড়াই তাকে অনেক রাত পর্যন্ত অফিসে বসিয়ে রাখতেন। এরপর তার নিজের গাড়ি করে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতেও যৌন হয়রানি করতেন।
ইটিভির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী সহকর্মী লিখিত অভিযোগ দেওয়ার পর তারা বিষয়টি জেনেছেন। এরপর সঙ্গে সঙ্গেই বিষয়টি তদন্তের জন্য কমিটি করা হয়েছে। পাশাপাশি তাকে আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য তাকে অফিস থেকে সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে।
হাতিরঝিল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করীম বলেন, সুনির্দিষ্ট অভিযোগে এমএম সেকান্দারকে গ্রেফতার করা হয়েছে। তরুণীর অভিযোগের সত্যতার বিষয়ে নিশ্চিত হতে আসামিকে দু'দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- বিষয় :
- ইটিভি
- গ্রেফতার
- এমএম সেকান্দার
- রিমান্ডে