শিক্ষাক্রমে সুফিবাদ অন্তর্ভুক্তির দাবি
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪২
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণি পর্যন্ত সুফিবাদ বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সুফিবাদ গবেষক ও শিক্ষাবিদরা। তাদের মতে, মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও আধ্যাত্মিক চেতনা বিকাশে সুফিবাদের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
‘সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণি পর্যন্ত অন্তর্ভুক্ত করে পাঠদান’ শীর্ষক এ সভায় শিক্ষা ব্যবস্থায় সুফিবাদ বিষয়ক পাঠ অন্তর্ভুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবদুর রহমান মিয়াজী। তিনি সুফিবাদের মূলধারা ও এর মানবিক দর্শন তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল হাদি।
সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান সুফি মোবারক হোসেন মুরাদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আলহাজ মোজাফফর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার গাজী নাফিস আহমেদ, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ শাহ কামাল শ্যামল এবং কাজী নজরুল সুফি সোসাইটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ খান।
১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে অসহিষ্ণুতা ও বিভাজন কমিয়ে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সুফিবাদের শিক্ষা সহায়ক হতে পারে। তাই জাতীয় শিক্ষাক্রমে সুফিবাদ বিষয়ক পাঠ অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
- বিষয় :
- সংবাদ সম্মেলন
- শিক্ষাক্রম