ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

২০০ সুবিধাবঞ্চিত শিশুর চিত্রাঙ্কন

'এসএসসি প্রজন্ম ২০০১ বাংলাদেশ'র অনন্য আয়োজন

২০০ সুবিধাবঞ্চিত শিশুর চিত্রাঙ্কন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০১৯ | ১৩:৪৬

রংতুলির আঁচড়ে গ্রামীণ দৃশ্য। কোথাও স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ কিংবা বিজয়ের পতাকা। হাসিমুখে এসব চিত্র এঁকে চলেছে একদল শিশু। খোলা আকাশের নিচে মাদুরে বসে চলছে তাদের এই অঙ্কন। সমাজে তারা সুবিধাবঞ্চিত শিশু নামেই পরিচিত। মঙ্গলবার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে '৫২ আর ৭১ চেতনায়, ধমনীতে' এই স্লোগানে 'এসএসসি প্রজন্ম ২০০১ বাংলাদেশ' ফেসবুক গ্রুপ আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এতে অংশ নেয় সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি 'এসএসসি প্রজন্ম ২০০১ বাংলাদেশের' সদস্যদের সন্তানরাও। ২০০ শিশু রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলে তাদের মনের ভাবনা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

২০০১ সালে এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সংগঠন 'এসএসসি প্রজন্ম ২০০১ বাংলাদেশ' এর সদস্যদের সহযোগিতায় সকাল ১০টায় রাজধানীর পরীবাগের ওয়াপদা অফিসার্স কোয়ার্টারের সামনের রাস্তায় শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি শিশুকে আর্টবোর্ড, রঙ পেন্সিলসহ চিত্রাঙ্কনের সরঞ্জাম উপহার দেওয়া হয়। স্বাধীনতা দিবসে একটি বৈষম্যহীন সমাজের প্রত্যাশায় সব শিশু যাতে শ্রেণি বিভেদের উর্ধ্বে উঠতে পারে- সেজন্য এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত হাসিমুখ স্কুলের সমন্বয়ক নুসরাত, 'এসএসসি প্রজন্ম ২০০১ বাংলাদেশ' এর সদস্য সাংবাদিক শওকত মঞ্জুর শান্ত ও মো. মজিবুর রহমান প্রমুখ।

প্রতিযোগিতা শেষে পথশিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন

×