চাঁদাবাজ-মাস্তানদের কারওয়ান বাজার ছাড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
×
কারওয়ান বাজারে পলিথিনবিরোধী সচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী- ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯ | ১৫:৫৩ | আপডেট: ০৪ আগস্ট ২০১৯ | ১৫:৫৮
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি-মাস্তানিতে জড়িতদের হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সম্প্রতি কারওয়ান বাজারে চাঁদাবাজির কিছু খবর পাওয়া গেছে। স্পষ্ট কথা হলো, চাঁদাবাজ-মাস্তানদের কারওয়ান বাজার ছেড়ে চলে যেতে হবে।রোববার কারওয়ান বাজারে পলিথিনবিরোধী সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে প্রতি মাসে কারওয়ান বাজারে একটা করে খুন হতো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা বন্ধ হয়েছে। চাঁদাবাজিও বন্ধ হয়েছে। কারওয়ান বাজারে মাস্তানি-চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।`স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `বুড়িগঙ্গা নদীতে ছয় থেকে সাত ফুট শুধু পলিথিনের স্তূপ। বিদেশ থেকে বিশেষজ্ঞ এনেও তা পুরোপুরি অপসারণ করা যাচ্ছে না। ক্যান্সার, কিডনি রোগ কেন বাড়ছে? কারণ, পলিথিন। মাছের ভেতরেও পলিথিন ঢুকে গেছে।`তিনি বলেন, `বর্তমান সরকার কঠোর পলিথিনবিরোধী আইন করেছে। পলিথিনের কারণে ঢাকা শহরের ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পানি নিস্কাশন করা যাচ্ছে না।`বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনার সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানের নিখোঁজ বিষয়ে মন্ত্রী বলেন, `তাকে উদ্ধারে সংশ্নিষ্ট পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি আশাবাদী, পুলিশ তাকে উদ্ধার করতে পারবে।`