ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১৫ আগস্ট ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৫ আগস্ট ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
×

‘ভার্চুয়াল কনফারেন্স’- এ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০ | ১০:৩২

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ১৫ আগস্ট এদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন। 

শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায়  ‘ভার্চুয়াল কনফারেন্স’ এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন,  যে ব্যক্তি আজীবন এদেশের স্বাধীনতা আর এদেশের মানুষের জন্য ত্যাগ করে গেছেন তাকেই আজকের এই দিনে সপরিবারে নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এমন কলঙ্কময় ইতিহাস বিশ্বের আর কোথাও নেই।

তিনি  বলেন, বঙ্গবন্ধু আমাদের সত্ত্বার সাথে মিশে আছেন। বাংলাদেশের আরেকটি নাম শেখ মুজিবুর রহমান। শুধু এদেশেই নয়, সারা বিশ্বেই বঙ্গবন্ধু আর বাংলাদেশের নাম একই সাথে উচ্চারিত হয়।

ফরহাদ হোসেন আরো বলেন, বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা আর অর্থনৈতিক মুক্তির জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন। এ জাতির জন্য বঙ্গবন্ধু যে ত্যাগ স্বীকার করেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল। অত্যন্ত বিচক্ষণতার সাথে নেতৃত্ব দিয়ে তিনি এ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তার সেই স্বপ্নকে থামিয়ে দেয়া হয়। বঙ্গবন্ধুর সেই ভেঙ্গে দেয়া স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়েরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সেই স্বপ্নকে বাস্তবে পরিনত করতে এখানে কর্মরত সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী এ সময় 'জনমুখী জনপ্রশাসন' করে তুলতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. রকিব হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী এরপর মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ‘ভার্চুয়াল কনফারেন্স’ এর মাধ্যমে যোগদান করেন।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু এ জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। যতদিন এদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধুকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বঙ্গবন্ধু ছিলেন মানবতাবাদী নেতা।  এদেশের মানুষকে উন্নত জীবনমান প্রদানের লক্ষ্যে তিনি আজীবন কাজ করে গেছেন। প্রতিমন্ত্রী এসময় সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

×