ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৪০ হাজার মানুষের কাছে ৫০ কোটি টাকা হাতিয়ে নিল ভুয়া কোম্পানি, আটক ৭

৪০ হাজার মানুষের কাছে ৫০ কোটি টাকা হাতিয়ে নিল ভুয়া কোম্পানি, আটক ৭
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০ | ১০:৫৮ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২০ | ১১:০৩

বাস্তবে কোম্পানির কোনো অস্তিত্ব নেই। কিন্তু অফিস খুলে সারাদেশে ডিলার নিয়োগের নামে অন্তত ৪০ হাজার মানুষের কাছ থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে 'এ-ওয়ান হেলথ কেয়ার এবং এ-ওয়ান বাজার লিমিটেড' নামের ভুয়া প্রতিষ্ঠান। সোমবার রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডের একটি ভবনে র‌্যাব-৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানটির সন্ধান পায়। এ সময় কথিত ওই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ ৭ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলনে- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল ইসলাম (৪২), পরিচালক (অর্থ) ফেরদৌস খান (৪৮), পরিচালক (প্রশাসন) রেজাউল করিম মিন্টু (৫৬), পরিচালক (মানবসম্পদ) আবুল কালাম আজাদ (৪০), পরিচালক আসাদুল্যাহ দেওয়ান (৪৬), মো. আব্দুস ছাত্তার (৩৭) এবং জাহাঙ্গীর আলম (৫০)।
র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা 'এ-ওয়ান হেলথ কেয়ার এবং এ-ওয়ান বাজার লিমিটেড' নামে ভুয়া কোম্পানি খুলে দেশের প্রায় সব জেলা ও উপজেলায় ডিলার নিয়োগ দেয়। এ ছাড়া অনুমোদনহীন এমএলম ব্যবসা শুরু করে। এভাবে সারাদেশে ৪০ হাজার মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ মিশন রোডে একটি ভবনের পঞ্চম তলায় ওই প্রতিষ্ঠানের অফিসে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে সাতজনকে আটক করা হয়।

অভিযানে থাকা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রট পলাশ কুমার বসু সমকালকে বলেন, আটক ব্যক্তিরা মহাপ্রতারক। এদের কোনো কোম্পানি নেই, পন্যও নেই। এরপরও 'লবঙ্গ টি' নামক বিএসটিআই অনুমোদনবিহীন একটি পণ্য বাজারজাত করার কথা বলে জেলা-উপজেলায় ডিলার ও সেলস্‌ম্যান নিয়োগ দেয়।

তিনি বলেন, আটকদের অপরাধের মাত্রা বিবেচনায় তাদের ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়নি। আটক প্রত্যেকের বিরুদ্ধে প্রতারণা, কোম্পানি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×