পল্লবীতে সাইনুদ্দিন হত্যার আসামি মনির 'গোলাগুলিতে' নিহত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২১ | ০০:৩৭
রাজধানীর পল্লবীতে সাইনুদ্দিন হত্যা মামলার আসামি মো. মনির ‘গোলাগুলিতে’ নিহত হয়েছেন।
পুলিশ বলছে, শনিবার রাত সোয়া ২টার দিকে সাগুফতা হাউজিং এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘গোলাগুলির’ সময় গুলিবিদ্ধ হয়ে মনির নিহত হন।
পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাইনুদ্দিন হত্যা মামলার আসামি মনির পল্লবীর ২২ তলা গার্মেন্টসের পেছনে ঈদগাহ মাঠের পাশে অবস্থান করছে– এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মনিরের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে রাত সোয়া ২টার দিকে পল্লবীর সাগুফতা হাউজিং এলাকায় অভিযানে যায়। সেখানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘গোলাগুলি’ হয়। 'গোলাগুলি'র এক পর্যায়ে মনির নিহত হন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ‘গোলাগুলির’ ঘটনায় ডিবির দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, মনিরকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।