ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গুলিস্তানে বিস্ফোরণ: ১৬ জনের মরদেহ হস্তান্তর

গুলিস্তানে বিস্ফোরণ: ১৬ জনের মরদেহ হস্তান্তর
×

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: মাহবুব হোসেন নবীন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩ | ০১:৩৩ | আপডেট: ০৮ মার্চ ২০২৩ | ০১:৩৫

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত লাশগুলো হস্তান্তর করা হয়। 

ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সুবীর কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকার দেওয়ার পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের হাতেও চিকিৎসার জন্য ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন।

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, ‘হতাহতের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তাৎক্ষণিক এ সহায়তা অর্থ দেওয়া হচ্ছে।’

বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। অপরদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন, সেখানে আহত ১০ জন চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে একটি সাততলা ভবনের বেসমেন্টে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের নামপরিচয় জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে ৭ তলা ভবনের পাশে আরেকটি ৫ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো ভবনই ধসে পড়েনি। সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান ছিল। তার ওপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন

×