লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি
সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে লটারি করা হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ২১:৫৩ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ২১:৫৯
লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। আজ রোববার সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী(ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে বদলি করা হয়।
জানা গেছে, বদলি-সংক্রান্ত তদবির বন্ধে সম্প্রতি এ উদ্যোগ নিয়েছে গণপূর্ত অধিদপ্তর। এর আগে, গত ৩০ জুলাই লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকেও (ই/এম) লটারির মাধ্যমে বদলি করা হয়।
লটারি অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হক, কাজী মো. ফিরোজ হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- গণপূর্ত অধিদপ্তর