২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে শুরু হচ্ছে পর্যটন মেলা
মিট দ্য প্রেস অনুষ্ঠানে আয়োজক কমিটি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৮
রাজধানীতে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) আয়োজিত এ মেলা শুরু হচ্ছে ২৯ অক্টোবর রাজধানীর মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সোমবার এ বিষয়ে রাজধানীর কুর্মিটোলা শাহজালাল বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্টে ক্রাউন প্লাজায় আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন মেলা আয়োজক কমিটি।
মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা এই মেলার উদ্দেশ্য। এ বছর বিটিটিএফের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
মেলায় ২০টিরও বেশি দেশ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন অংশীজনরা অংশ নিতে যাচ্ছে। আয়োজনট ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
আয়োজক কমিটি জানায়, মেলা চলবে ৩১ অক্টোবর পযর্ন্ত। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা ইতোমধ্যে মেলায় তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। একইসাথে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকে অংশীজনরা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। মেলায় আন্তর্জাতিক পর্যটন অংশীদারদের অংশগ্রহণ ডেস্টিনেশন প্রমোশন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও বিশ্ববাজারের মধ্যে ট্যুরিজম অংশীদারিত্বের আওতা বাড়াতে ব্যাপক ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন টোয়াবের নব নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, টোয়াবের পরিচালক (মিডিয়া ও পাবলিক রিলেশন) মো.মিজানুর রহমান, আইএসজির সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার আশয়োনি নায়ের, টোয়াবের পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) আবদুল বাছেদ বাবু এবং ইউএস বাংলার মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকতা মো. কামরুল ইসলাম প্রমুখ।