রায়েরবাজারে চোরাই বিদ্যুতে চলছিল ৪ অটো গ্যারেজ, মালিক গ্রেপ্তার
রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৮
রাজধানীর রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে ছয়টি গ্যারেজের মধ্যে চারটিতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
রোববার রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এ অভিযান চালানো হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডিপিডিসি, ডেসকোসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা অংশ নেন।
আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, অভিযানে ছয়টি অবৈধ অটোরিকশা গ্যারেজে তল্লাশি করা হয়। এর মধ্যে দুটি গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বৈধ পাওয়া গেলেও চারটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। এ সময় একটি গ্যারেজের মালিককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার সঙ্গে রবিউল নামে এক ব্যক্তি জড়িত। তিনি প্রতি মাসে প্রতিটি গ্যারেজ থেকে ২০ হাজার টাকা করে নিয়ে চোরাই বিদ্যুৎ সংযোগ দিয়ে আসছিলেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অভিযানে মোহাম্মদপুর ট্রাফিক জোনের ২০ জন সদস্য অংশ নেন। ডিএমপি জানিয়েছে, অবৈধ অটোরিকশা গ্যারেজ ও চোরাই বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- অটোরিকশা
- গ্রেপ্তার
- ঢাকা মহানগর পুলিশ