ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শিশু নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি

উদীচীর সমাবেশ

শিশু নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০০

| প্রিন্ট সংস্করণ

শিশু নিখোঁজ, অপহরণ, নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে শিশুদের নিরাপত্তাকে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকা মহানগর সংসদ। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে একের পর এক শিশু নিখোঁজ, অপহরণ, যৌন সহিংসতা ও হত্যার শিকার হচ্ছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে।’ বক্তারা অভিযোগ করেন, ‘অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে হামের মতো প্রায় ভুলে যাওয়া রোগে প্রায় ১১শ শিশুর মৃত্যু হয়েছে।’ শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতিচর্চা ও খেলাধুলা বাধ্যতামূলক করারও দাবি ওঠে সমাবেশ থেকে।

উদীচী ঢাকা মহানগর সংসদের সহসভাপতি বিমল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, ঢাকা মহানগর সংসদের সহসভাপতি শংকর আচার্য, সাধারণ সম্পাদক কংকন নাগ, সহ-সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি সালমান রাহাত, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু এবং খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু। সমাবেশে খেলাঘরের শিশুরা সম্মেলক সংগীত পরিবেশন করে। 

আরও পড়ুন

×