ডিএনসিসিতে এডিস মশা নিধনে ২ নভেম্বর থেকে চিরুনি অভিযান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০ | ০৭:৩৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০২০ | ০৭:৪৬
সম্প্রতি রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় মশকনিধনে বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ২ নভেম্বর থেকে ডিএনসিসি এলাকায় ১০ দিনব্যাপী এডিস মশাবিরোধী এ চিরুনি অভিযান শুরু হবে।
এডিস মশার দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ডিএনসিসি নগরভবনে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চিরুনি অভিযানের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।
মেয়র বলেন, যেকোনো মূল্যে নগরবাসীকে মশা ও মশাবাহিত রোগ থেকে সুরক্ষা দিতে হবে। এজন্য আমরা চতুর্থ প্রজন্মের কীটনাশক আমদানি করেছি। ইতিমধ্যে কিছু আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে। আরও আনা হচ্ছে।
সভায় জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মুহূর্তে ডিএনসিসি এলাকায় ১২ জন ডেঙ্গু রোগী আছেন। ডিএনসিসি এলাকার পাঁচটি বেসরকারি হাসপাতালে এসব রোগী চিকিৎসা নিয়েছেন। ইতিমধ্যে এসব রোগীর ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদের বাসাবাড়ির আশপাশে মশার কীটনাশক প্রয়োগ জোরদার করা হবে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীরা যেসব হাসপাতালে অবস্থান করছেন সেসব হাসপাতালের আশপাশেও মশার কীটনাশক প্রয়োগ জোরদার করা হচ্ছে। এছাড়া ডিএনসিসির নগর স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদনগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, কারা মহাপরিদর্শক ও ডিএনসিসির সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল মোস্তফা সারোয়ার প্রমুখ যুক্ত ছিলেন।
- বিষয় :
- মশকনিধন অভিযান
- ডেঙ্গু
- ডিএনসিসি