চট্টগ্রামে ৩ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, উদ্বিগ্ন পরিবার
নিখোঁজ মো. সেকেন্দর হোসেন মিসবাহ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:৫৩
চট্টগ্রামে মো. সেকেন্দর হোসেন মিসবাহ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। সে নগরের শোলকবহর এলাকার জামিয়া মাদানিয়া মাদ্রাসার ছাত্র। গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর তার সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি।
আজ বুধবার পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। নিখোঁজ ছাত্রকে নিয়ে উদ্বিগ্ন পুরো পরিবার।
মিসবাহ’র পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই আত্মীয়স্বজন, বন্ধু, বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও তার সন্ধানে গত তিনদিন ধরে নানাস্থানে দৌড়ঝাঁপ করেছেন। অনেক দূরের আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। তাই, অনন্যোপায় হয়ে থানায় জিডি করতে হয়েছে। মিসবাহর গায়ের রং ফর্সা, চেহারা লম্বাটে এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৯ ইঞ্চি এবং মাদ্রাসা থেকে বের হওয়ার সময় তার পরনে পায়জামা ও পাঞ্জাবি থাকার কথা জিডিতে উল্লেখ করা হয়েছে।
মিসবাহর বাবা বশির আহমেদ বলেন, তিনদিন ধরে হন্য হয়ে খুঁজেও ছেলের কোনো সন্ধান পায়নি। কেউ ফোনও করেনি। ছেলেকে নিয়ে তাই পুরো পরিবারের দুশ্চিন্তার শেষ নেই। ছেলেকে জীবিত অক্ষত অবস্থায় ফেরত পেতে পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় নানা শঙ্কা-আতঙ্ক বিরাজ করছে আমাদের মাঝে। মিসবাহকে নিয়ে চরম উদ্বিগ্ন আমরা।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, মো. সেকেন্দর হোসেন মিসবাহ নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করেছে ভুক্তভোগীর পরিবার। এরপর থেকে আমরা মাঠ পর্যায়ে যাবতীয় কাজ শুরু করেছি। তার সন্ধানে একটি টিম কাজ করছে। এ ঘটনার যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
- বিষয় :
- চট্টগ্রাম