ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গলা শুকানো মানে কি ডায়াবেটিস

গলা শুকানো মানে কি ডায়াবেটিস
×

 খাজা নাজিম উদ্দীন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৮

| প্রিন্ট সংস্করণ

যে কোনো বয়সে হতে পারে ডায়াবেটিস। অনেক ডায়াবেটিসে আক্রান্ত রোগী হয়তো জানেন না দিনের পর দিন রোগটি পুষছেন। শরীরে এমন কতগুলো লক্ষণ দেখা যায় যা আগেভাগেই জানান দেয়, শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে কিনা। তবে অনেকেরই এ বিষয়ে কিছু ভুল ধারণা আছে। বারবার মুখ ও গলা শুকিয়ে এলে অনেকে ভাবতে শুরু করেন ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস ছাড়াও নানা কারণে এমন সমস্যা হতে পারে।   

গরমের সময় আমরা ত্বকের মাধ্যমে প্রচুর পানি হারাই, তাই শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দেয়। তখন মস্তিষ্কের বিশেষ অংশ সক্রিয় হয়ে ওঠে, ফলে পিপাসা পায়। মুখ, জিভ ও গলা শুকিয়ে আসে এবং প্রচুর পিপাসা লাগে। এটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। তাই খুব গরমে বা ঘাম হলে মুখ-জিভ-গলা শুকিয়ে আসাটা স্বাভাবিক।   
কারও যদি এই শুষ্কতা বাড়াবাড়ি রকমের দেখা দেয় এবং যথেষ্ট পানি পান করার পরও মুখ বারবার শুকায়, তাহলে প্রথমেই লক্ষ্য করুন আপনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা। খুব সাধারণ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মুখ ও গলা শুকায়; যেমন–অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ওষুধ এবং সর্দি-কাশি, ডায়রিয়া বা স্মৃতিভ্রম রোগে ব্যবহৃত ওষুধ। তবে বারবার তৃষ্ণা পেলে রক্তে শর্করার মাত্রা বেড়েছে কিনা তা অবশ্যই পরীক্ষা করা উচিত।

দাঁত ও মুখগহ্বরের সাধারণ কিছু সমস্যায়ও মুখ শুকাতে পারে। 
যেমন–দাঁতের ক্ষয় ও মাড়ির প্রদাহ। যাদের নাক বন্ধ থাকে এবং সব সময় মুখ দিয়ে শ্বাস নেন, তাদেরও মুখ বারবার শুকিয়ে যায়। পক্ষাঘাত বা স্ট্রোকের পর রোগীর এ সমস্যা হতে পারে। এছাড়া লালাগ্রন্থি আক্রান্ত হয় এমন কিছু রোগ এবং মুখমণ্ডলে রেডিওথেরাপি বা কেমোথেরাপির পর মুখ শুকানোর সমস্যা হতে পারে। অতি উদ্বেগ বা মানসিক চাপের রোগীদেরও মুখ শুকায়। স্থূল বা মোটা মানুষ ঘুমের সময় নাক না ডেকে অনেক সময় মুখ দিয়ে শ্বাস নেন, এতেও মুখ শুকায়।

মুখের শুষ্কতা দূর করার প্রতিকার:
lমুখগহ্বরের সুস্থতার জন্য দিনে অন্তত দু’বার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন এবং ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন।
lসুগার ফ্রি ক্যান্ডি বা চুইংগাম চিবোতে পারেন। এতে লালা নিঃসরণ বাড়ে।
lপর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।
lযাদের মুখ শুকানোর সমস্যা আছে, তারা অতিরিক্ত কফি পান করবেন না এবং ধূমপান থেকে বিরত থাকুন।
lশুকনো খাবার যেমন–ক্র্যাকার্স, টোস্ট, শুকনো রুটি, মুড়ি-চিড়া ইত্যাদি খেলে মুখের শুষ্কতা বাড়ে। তাই কিছুটা আর্দ্র ও নরম খাবার বেছে নিন।
lনাক বন্ধ থাকার সমস্যা থাকলে তার সঠিক চিকিৎসা করান। 
[সাবেক মেডিসিন বিশেষজ্ঞ, বারডেম] 

আরও পড়ুন

×