সোয়া কোটি শেয়ার চাহিদার বিপরীতে কেনাবেচা মাত্র ২৬০
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ০০:১১ | আপডেট: ৩১ মার্চ ২০২২ | ০০:১১
জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে আরো একটি কোম্পানি দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। লেনদেনের প্রথম দিনে কোম্পানিটির শেয়ার ১০ শতাংশ বেড়ে ২২ টাকা দরে কেনাবেচা হচ্ছে। শেয়ারদরের সার্কিট ব্রেকারের নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার এর থেকে বেশি দরে শেয়ারটি কেনাবেচার সুযোগ নেই।
লেনদেনের প্রথম দিনে প্রথম ঘণ্টায় এ দরে প্রায় ১ কোটি ২০ লাখ শেয়ারের ক্রয় আদেশ ছিল ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারে। কিন্তু প্রথম ঘণ্টায় দুই বাজার মিলে মাত্র ২৬০টি শেয়ার ৫ হাজার ৭২০ টাকায় হাতবদল হয়েছে। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় ডিএসইতে ৯৮ লাখের বেশি এবং সিএসইতে ১২ লাখের বেশি শেয়ার কেনার আদেশ ছিল। বিপরীতে একটি শেয়ারেরও বিক্রির আদেশ ছিল না।
আইপিওর বুক বিল্ডিং প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ২০ টাকা দরে বিক্রি করেছিল। তার আগে প্রাথমিক শেয়ার বিক্রির প্রথম ধাপে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দরপ্রস্তাবে কোম্পানিটির শেয়ারের নির্দেশক মূল্য (কাট-অব-প্রাইস) নির্ধারিত হয়েছিল ২৫ টাকা। ওই দরেই মোট ৮৮ লাখ ২৩ হাজার ৫২০টি শেয়ার কিনেছেন তারা।
মোট ৭৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে কোম্পানিটির নির্দেশক মূল্যের ওপর ২০ শতাংশ ছাড়ে ২০ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ৬০০টি শেয়ার বিক্রি করেছে। জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি কোম্পানি।
২০০৮ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানি হাসপাতালে ব্যবহৃত নানা পণ্য এ কোম্পানিটি উৎপাদন ও বিপণন করছে। আমদানি বিকল্প পণ্য উৎপাদন করে কোম্পানিটি দেশের বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে।
জেএমআই গ্রুপ ভুক্ত এ কোম্পানিটির মূল মালিকানায় আছে মো. আব্দুর রাজ্জাক। তার মালিকানায় আছে ২২ দশমিক ৮৭ শতাংশ শেয়ার। এ গ্রুপের জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড নামে অপর একটি কোম্পানিও শেয়ারবাজারে তালিকাভুক্ত।
বাজার সংক্ষেপ
এদিকে গত কয়েকদিনের মতো আজও শেয়ারবাজারে সার্বিক লেনদেনে নিষ্প্রভ ভাব বজায় রয়েছে। লেনদেনের প্রথম দেড় ঘণ্টা শেষে বেলা সাড়ে ১১টায় ডিএসইতে ১৪৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। বিপরীতে দর হারিয়ে কেনাবেচা হতে দেখা যায় ১৪১টিকে। এ সময় দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ৮৬ শেয়ার।
দর হারানো শেয়ারের তুলনায় দরবৃদ্ধি পাওয়া শেয়ার সংখ্যা সামান্য বেশি হলেও প্রধান সূচক ডিএসইএক্স ০.০৫ পয়েন্ট হারিয়ে ৬৭৫৩.৭০ পয়েন্টে অবস্থান করছিল। অবশ্য সকাল ১০টায় লেনদেন শুরুর প্রথম ১২ মিনিট শেষে সূচকটি ১২ পয়েন্ট বেড়ে ৬৭৬৬ পয়েন্টে উঠেছিল। পরে ১০টা ৩৮ মিনিটে আগের অবস্থান থেকে ১৭ পয়েন্ট বা গতকালের তুলনায় ৫ পয়েন্ট হারিয়ে ৬৭৪৮ পয়েন্টে নেমেছিল। লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় দেশের প্রধান এ শেয়ারবাজারে ২৫৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।