ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:২১

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের জন্য এক্সক্লুসিভ প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ লক্ষ্যে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক এবং আইসিএবির প্রেসিডেন্ট সাব্বির আহমেদ এফসিএ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতার আওতায় প্রযোজ্য শর্ত সাপেক্ষে আইসিএবির যোগ্য সদস্যরা স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশেষ প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে আইসিএবি সদস্যপদ ও প্র্যাকটিশনার ফিতে সাশ্রয়, নির্দিষ্ট পণ্যে ক্যাশব্যাক ও ফি মওকুফ, নির্বাচিত লাইফস্টাইল ও ভ্রমণ সুবিধা এবং বিনামূল্যে ডেবিট কার্ড নেওয়ার সুযোগ।

এ ছাড়া যোগ্য সদস্যরা ব্যাংকের বিস্তৃত প্রায়োরিটি ব্যাংকিং সেবার আওতায় নিবেদিত রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা, ব্যাংক্যাসুরেন্স এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা নিতে পারবেন।

অনুষ্ঠানে এনামুল হক বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা বাংলাদেশসহ বিশ্বজুড়ে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়িক ও নীতিগত কাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইসিএবির সঙ্গে এই অংশীদারিত্ব তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনায় কাস্টমাইজড ব্যাংকিং সেবা দিতে সহায়তা করবে।

সাব্বির আহমেদ এফসিএ বলেন, সদস্যদের জন্য সময়োপযোগী সেবা দেওয়া আইসিএবির গুরুত্বপূর্ণ লক্ষ্য। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে এই সহযোগিতা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত ও ব্যক্তিগত আর্থিক চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

×