ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দামি পোশাকের বাজার ধরতে চায় বিজিএমইএ

দামি পোশাকের বাজার ধরতে চায় বিজিএমইএ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২২ জুন ২০২৩ | ০৯:২০

মসলিন ও খাদির মতো দেশের ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে পশ্চিমা রপ্তানি বাজারের উপযোগী উচ্চমূল্যের পোশাক উৎপাদন এবং রপ্তানি করার উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি ফারুক হাসান।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের উপসচিব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপাচার্য ড. আয়ুব নবী খান, বিজিএমইএর পরিচালক নীলা হোসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে বাংলার স্থানীয় ঐতিহ্যবাহী বস্ত্রের ফিউশনে উচ্চমূল্যের আধুনিক ফ্যাশন পণ্য উৎপাদন করতে চান তাঁরা। এ জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা ও সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সমন্বিত উন্নত কাঠামো (ইআইএফ) নামে একটি প্রকল্পের অধীনে গত দুই বছর কার্যক্রম চলছে। তিনি বলেন, ‘এটি কার্যকর হলে পোশাকের স্থানীয় মূল্য সংযোজন বাড়বে, আবার পণ্যেও বৈচিত্র্য আসবে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খাদি, মসলিন এবং স্থানীয় ঐতিহ্যের মোটিফ যেমন– শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, রিকশা পেইন্ট ইত্যাদি তুলে ধরতে আরও দুটি পৃথক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’
জানা গেছে, ফ্যাশন ডিজাইনার, উদ্ভাবক, তাঁতিসহ সংশ্লিষ্ট মোট ১৬০ জনকে গত দুই বছর প্রশিক্ষণ দিচ্ছে বিজিএমইএ। এরই অংশ হিসেবে রপ্তানি বাজারে ভোক্তার চাহিদার সঙ্গে মিল রেখে দেশের বস্ত্র ও পোশাক খাতের ঐতিহ্যবাহী উপকরণ যুক্ত করে (ফিউশন) উচ্চমূল্যের আধুনিক পোশাক উৎপাদনের কারগরি প্রশিক্ষণ পেয়েছেন তাঁরা।

এ সময় একটি নতুন হেরিটেজ ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ঐতিহ্যের পণ্য, অনন্য নকশাসহ বিভিন্ন পণ্যের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে বলে জানান আয়োজকরা।

আরও পড়ুন

×