রূপপুর প্রকল্প জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওয়াসমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ০৯:৩৬ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ০৯:৩৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) ২ শতাংশ অবদান রাখবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। বুধবার প্রকল্প এলাকায় সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন ৷
বৃহস্পতিবার রূপপুর কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। তার আগে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী বলেন ২০২৫ সালের শুরুতে জনগণ রূপপুর থেকে বিদ্যুৎ পাবে। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনগণ এই প্রকল্প থেকে উপকৃত হবে।
তিনি বলেন, সঞ্চালন লাইনসহ অন্যান্য অবকাঠামো তৈরি হওয়ার পরই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে।
তিনি জানান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল এটোমিক এনার্জি কমিশনের (আইএইএ) গর্ভনিং বডির সদস্য নির্বাচিত হয়েছে।
প্রকল্প পরিচালক শৌকত আকবর জানান, নিউক্লিয়ার জ্বালানি প্রকল্প এলাকায় আসার পরই এটি পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে ৷ বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবের ৩৩তম সদস্য হতে যাচ্ছে।