ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে এডিপির ব্যয় ২ শতাংশেরও কম

দুই মাসে এডিপির ব্যয় ২ শতাংশেরও কম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০১

| প্রিন্ট সংস্করণ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে বরাদ্দের মাত্র ১ দশমিক ৮৫ শতাংশ। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়েও বাস্তবায়নের হার কম ছিল। তবে সে সময়ও চলতি অর্থবছরের তুলনায় কিছুটা বেশি ব্যয় হয়েছিল। বরাদ্দের ২ দশমিক ৩৯ শতাংশ ব্যয় হয়েছিল ওই সময়ে। গতকাল সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়নবিভাগ (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত অর্থবছরের এ রকম সময়ের বাস্তবতা ছিল ভিন্ন। সে সময়ে অন্তর্বর্তী সরকার আগের সরকারের নেওয়া প্রকল্প পর্যালোচনা করার উদ্যোগ নেওয়ায় অনেক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজ স্থগিত ছিল। কিছু প্রকল্প বাদও দেওয়া হয়।
আবার কিছু প্রকল্পের বরাদ্দ কমানো হয়েছে। এসব কারণে ওই সময় এডিপি বাস্তবায়নের গতি কম ছিল। তবে বর্তমানের বাস্তবতা সে রকম নয়। তারপরও এডিপি বাস্তবায়ন আগের অর্থবছরের একই সময়ের চেয়েও কমলো।

আইএমইডির তথ্য অনুযায়ী, গত দুই মাসে বিভিন্ন প্রকল্পে ব্যয় হয়েছে পাঁচ হাজার ৭১০ কোটি টাকার মতো। গত অর্থবছরের একই সময়ে যা ছিল পাঁচ হাজার ৭১৫ কোটি টাকা। শতাংশে ১ শতাংশের মতো কম হলেও গত অর্থবছরের একই সময়ের চেয়ে ব্যয়িত অর্থের ব্যবধান পাঁচ কোটি টাকার মতো। এর কারণ হচ্ছে এই অর্থবছরের এডিপির বড় আকার। গত অর্থবছরের চেয়ে যা প্রায় ৭০ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের এডিপির আকার তিন লাখ আট হাজার ৯২৫ কোটি টাকা, যা গত অর্থবছর ছিল দুই লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা। 
শুধু আগস্ট মাসের এডিপি বাস্তবায়নের হার খুবই কম। মাসটিতে বাস্তবায়ন হার মাত্র ১ দশমিক ১৬ শতাংশ। অর্থমূল্যে ব্যয় হয়েছে তিন হাজার ৫৮৯ কোটি টাকারও কিছু কম। গত অর্থবছরের একই মাসের বাস্তবায়নের হার ছিল ১ দশমিক ৭১ শতাংশ। ওই মাসে ব্যয় হয়েছিল চার হাজার ৭০ কোটি টাকার কিছু বেশি। 

আইএমইডির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত দুই মাসে বিদেশি ঋণের প্রকল্পের গতি অনেক কম ছিল। এ ধরনের প্রকল্পের বাস্তবায়ন হার মাত্র ১ দশমিক ২২ শতাংশ। তুলনামূলক কিছুটা ভালো অবস্থানে আছে বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প। এ ধরনের প্রকল্পের বাস্তবায়ন হার ৩ দশমিক ৬২ শতাংশ। অন্যদিকে সরকারের নিজস্ব অর্থায়নের প্রকল্পের বাস্তবায়ন হার ২ দশমিক ১৩ শতাংশ। 
দুই মাসে এক টাকাও খরচ করতে পারেনি পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ। এই মন্ত্রণালয় ও বিভাগগুলো হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও সেতু বিভাগ। এ ছাড়া আরও ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ নামমাত্র অর্থ খরচ করতে সক্ষম হয়েছে। 
আইএমইডির প্রতিবেদন বিশ্লেষণে আরও দেখা যায়, সর্বোচ্চ বরাদ্দের ১৫ মন্ত্রণালয়ের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অবস্থান ষষ্ঠ। চলতি অর্থবছর এই মন্ত্রণালয় বরাদ্দ পেয়েছে ৯ হাজার ৫২০ কোটি টাকা। অথচ গত দুই মাসে ব্যয় করতে পেরেছে মাত্র ১৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র শূন্য দশমিক ১৮ শতাংশ। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের এডিপি ব্যয় মাত্র শূন্য দশমিক ৫৯ শতাংশ। অর্থমূল্যে ব্যয়ের এই পরিমাণ ৩২ কোটি টাকারও কম। 

আরও পড়ুন

×