অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল ইনফ্রা-এস্টেট কনক্লেভ ২০২৬’
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৩
অবকাঠামো, আবাসন (রিয়েল এস্টেট), বিনিয়োগ ও ভবিষ্যৎ নগর উন্নয়ন খাতের শীর্ষস্থানীয় অংশীজন ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেশ সিমেন্ট নিবেদিত গ্লোবাল ইনফ্রা-এস্টেট কনক্লেভ ২০২৬’।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘অ্যারেনা ফর গ্লোবাল এনগেজমেন্ট লিমিটেড’ (এজিই)-এর উদ্যোগে এই আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজিত হয়।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল- ‘উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ নগরী গড়ে তোলা।’
সরকারি ও বেসরকারি খাত, আবাসন শিল্প, আর্থিক প্রতিষ্ঠান, নগর পরিকল্পনা, শিক্ষাঙ্গন, প্রযুক্তি এবং আন্তর্জাতিক বিনিয়োগ খাতের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা এতে অংশ নেন।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল প্রথাগত সম্পত্তি-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে আসা এবং প্রযুক্তি, নীতি, পরিকল্পনা, ইএসজি ও পুঁজির সহজলভ্যতাকে সমন্বিত করার মাধ্যমে বাংলাদেশে একটি আধুনিক ও ভবিষ্যৎ-মুখী আবাসন ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র গড়ে তোলার ভিত্তি স্থাপন করা।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ‘ফ্রেশ সিমেন্ট’ এবং পাওয়ার্ড বাই পার্টনার ছিল দেশবন্ধু গ্রুপের ‘জিএম হোল্ডিংস লিমিটেড’। এছাড়াও অন্যান্য কোম্পানিও কো-স্পনসর হিসেবে অংশগ্রহণ করে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছিল নলেজ পার্টনার, প্রপটেকবাজ ছিল স্ট্র্যাটেজিক পার্টনার এবং একুশে টেলিভিশন, প্রপার্টি খবর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ছিল মিডিয়া পার্টনার এবং লাইফস্ট্র বাই ওএমসি ছিল এই সম্মেলনের হাইড্রেশন পার্টনার।
এই সম্মেলনে বাংলাদেশের রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতের ভবিষ্যৎকে কেন্দ্র করে চারটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনটি ছিল টেকসই উন্নয়ন ও ইএসজি-এর ওপর, যেখানে গ্রিন বিল্ডিং, নেট-জিরো উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল অবকাঠামোর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় অধিবেশন, ‘গ্লোবাল রিয়েল এস্টেট আউটলুক’-এ এআই-চালিত সম্পত্তি মূল্যায়ন, ডিজিটাল মার্কেটিং, স্মার্ট বিল্ডিংয়ে সাইবার নিরাপত্তা এবং এশিয়ায় আন্তর্জাতিক বাজারের প্রবণতা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। তৃতীয় অধিবেশনটি ছিল ‘সাশ্রয়ী আবাসন’, যেখানে আবাসন অর্থায়ন, গণ-আবাসন, অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন এবং সাশ্রয়ী আবাসন নীতিমালার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। ‘সম্পত্তি থেকে বাস্তুতন্ত্র’ প্রতিপাদ্য বিষয় নিয়ে চতুর্থ অধিবেশনে স্থানীয় অর্থনৈতিক বিনিয়োগ, সামষ্টিক অর্থনৈতিক পরিবর্তন, নগরায়ন, জনসংখ্যাতাত্ত্বিক প্রবণতা এবং আন্তর্জাতিক বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের শাদমান সাকিব অনিক, ফিয়াবসি থাই চ্যাপ্টারের সপন প্রনচকচাই, অনন্ত অ্যান্ড বিটিআইয়ের উপদেষ্টা এফ আর খান এবং এসিআই প্রপার্টিজের তানভীর শাহরিয়ার রিমোন। এছাড়া বিভিন্ন সেশনে সভাপতিত্ব করেন রাজউকের আশরাফুল ইসলাম, প্রিমিয়ার হোমস আরই কোং লিমিটেডের ক্লেটন ওয়েড (যুক্তরাষ্ট্র), বুয়েটের অধ্যাপক ড. শামীম জেড বোসুনিয়া এবং লংকাবাংলা ফাইন্যান্সের হুমায়রা আজম।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, যুগ্ম সচিব কাজী নজরুল ইসলাম, বিএসটিএমপিআইএ’র গোলাম ফারুক খোকন, ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (মেঘনা গ্রুপ) সঞ্জীব কুমার সাহা, জিএম হোল্ডিংস লিমিটেডেরএম কে এ শাহিনুর রহমান, প্রিমিয়াম হোমস লিমিটেডের মাইনুল হাসান দুলন, একুশে টিভির তাসনুভা মাহবুব সালাম, ড্যাফোডিল ইউনিভার্সিটির ড. আমির আহমেদ, বাংলাদেশ ব্যাংকের রঞ্জিত কুমার রায়, রূপায়ন-এর মাহির আলী খান রাতুল, অ্যাসেট এক্স প্রপার্টির লারিনথর্ন সোয়াসডিকুলাভাত নিকি (চীন), এসপি এশিয়া আরই এর সালভাতোরে পারিসি (ইতালি), ইবিএল-এর শাহিন আহমেদ, ইএসএসএল-এর কমান্ডার এম শরিফ উদ্দিন ভূঁইয়া (অব.), এসবিসিসিআই-এর আবুল হাসনাত, এসটিএইচ গ্রুপের সৈয়দ তেলায়েত হোসেন, শান্তা হোল্ডিংস লিমিটেডের শিহাব আহমেদ, কায়মন্টো অ্যান্ড পার্টনার্স-এর খুরশেদ আল মেহের, ওসিএআইবি-এর লিসা লু, নাভানা রিয়েল এস্টেট-এর নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনাগুলোতে থেকে উঠে আসে যে, বাংলাদেশের আবাসন বা রিয়েল এস্টেট খাতের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা কোনো একক প্রতিষ্ঠানের প্রচেষ্টায় সম্ভব নয়। এক্ষেত্রে সরকার, ডেভেলপার, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, পরিকল্পনাবিদ, প্রযুক্তি কোম্পানি, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক অংশীজনদের মধ্যে কার্যকর সহযোগিতা অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে, ‘ফ্রেশ সিমেন্ট নিবেদিত, গ্লোবাল ইনফ্রাস্টেট কনক্লেভ ২০২৬’ জ্ঞান আদান-প্রদান, পারস্পরিক যোগাযোগ এবং রিয়েল এস্টেট ও অবকাঠামো উন্নয়ন খাতে আন্তঃসীমান্ত সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।
এজিই-এর চেয়ারম্যান সৈয়দ ইকবাল রিজভির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সম্মেলনটি এজিই-এর উপদেষ্টা এম কে এ শাহিনুর রহমান জাহিদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।
- বিষয় :
- রিয়েল এস্টেট