নিশোর নতুন ছবি 'কালপুরুষ', নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩ | ০৭:১৩ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ | ১৯:৩৩
কলকাতার সুপাস্টার জিতকে নিয়ে 'মানুষ' সিনেমার শুটিং করছেন ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দার। ছবিটির শুটিং এখন শেষের পথে। এর আগেই জানা গেল নতুন আরেকটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা। নাম 'কালপুরুষ'।
ছবিটিতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এর আগে 'সুড়ঙ্গ' নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা এর শুটিং।
'কালপুরুষ' ছবির প্রযোজক হচ্ছেন টপি খান। তিনিই নিশ্চিত করেছেন বিষয়টি। প্রযোজক জানান, এখন ছবিটির চিত্রনাট্য উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি চলছে শিল্পী ও কলাকুশলী নির্বাচনের কাজ। তবে ইতোমধ্যে নিশোর সঙ্গে চুক্তি সম্পাদন হয়ে গেছে।

ছবিটিকে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন নিশো। তিনি বলেন, 'সঞ্জয় দাদার সঙ্গে বেশ কয়েকটি কাজ হয়েছে আমার। কাজগুলো সমাদৃত হয়েছে। এবার তার নির্মাণে চলচ্চিত্র করতে যাচ্ছি। তার কাজের প্রতি বিশ্বাস থেকেই চলচ্চিত্র করা। এখন তিনি কলকাতার জিতের ছবির কাজ করছেন। আমিও সুড়ঙ্গ ও কাইজার সিরিজের দ্বিতীয় পার্টের শুটিং করব। এরপরই কালপুরুষ এর শুটিং হবে। আশাকরি কালপুরুষ দারুণ একটি প্রজেক্ট হবে।'
নিশো আরও জানালেন, কালপুরুষের চিত্রনাট্য এখন তৈরি হচ্ছে। বড় প্লাটফর্মের ছবি। তাই প্রস্তুতিরও ব্যাপার রয়েছে। তাই শুটিং শুরু করতে কিছুটা সময়ের ব্যাপার হতে পারে।

নির্মাতা সঞ্জয় সমদ্দার এখন অবস্থান করছেন কলকাতায়। হোয়াটসঅ্যাপে তিনি বলেন, কাজটি এখন প্রাইমারি লেবেলে আছে। আমি যেহেতু এখন বড় একটি প্রজেক্টের কাজ করছি। আপাতত এটি শেষ করতে চাই। এরপর বাংলাদেশে এসে বিস্তারিত জানাব। তবে নিশো ভাইকে নিয়েই কাজটি হচ্ছে এটি নিশ্চিত।
- বিষয় :
- আফরান নিশো
- কালপুরুষ
- সঞ্জয় সমাদ্দার
- নতুন ছবি