কোনালের গানে নাচবেন সানি লিওনি
×
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০১৯ | ১১:৪২ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ | ১৪:০৪
নতুন একটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী কোনাল। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির জন্য `সানি সানি` গানটি গাইলেন তিনি। গত ২৫ আগস্ট কলকাতার একটি স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ। এর আগে `পাসওয়ার্ড` ছবিতে কোনালের গাওয়া প্রথম পার্টি সং `আগুন লাগাইলো` ব্যাপকভাবে আলোচিত হয়। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে জনপ্রিয় এই গায়িকা গাইলেন এবারের পার্টি সং।`বিক্ষোভ` ছবির জন্য গাওয়া কোনালের এই গানটিতে ঠোট মেলাবেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। নতুন এ গান প্রসঙ্গে কোনাল বলেন, `গানের কথাগুলো সুন্দর। এটি মূলত পার্টি সং। যে কোনো উৎসবে গানটির মাধ্যমে সবাই উদযাপন করতে পারবেন। এত চমৎকার সুর ও কথার একটি গানে কণ্ঠ দেবার সুযোগ দেয়ার জন্য করার সুযোগ দেওয়ার নির্মাতা রনি ভাইকে ধন্যবাদ জানাই।`বড় বাজেটের `বিক্ষোভ` ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে গড়ে উঠবে ছবির গল্প। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। তবে নায়কের ভূমিকায় কাকে দেখা যাবে, তা এখনও প্রকাশ করেননি নির্মাতা বা প্রযোজক কেউই। অন্যদিকে সানি লিওনকে নিয়ে আগামী ৯ সেপ্টেম্বর মুম্বাইতে গানের দৃশ্যধারন হবে। এর কোরিওগ্রাফি করবেন বলিউডের কোরিওগ্রাফার জুটি পাবন ও বব। প্রসঙ্গত, এর আগে সানি লিওন বলিউড ছাড়াও ভারতের দক্ষিণী সিনেমা এবং কলকাতার সিনেমায় কাজ করেছেন। তবে এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো তিনি কাজ করতে চলেছেন বাংলাদেশের সিনেমায়।