ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এখন তো ভিডিও ছাড়া শ্রোতারা গানের কথা ভাবতেই চায়না: বাপ্পা মজুমদার

এখন তো ভিডিও ছাড়া শ্রোতারা গানের কথা ভাবতেই চায়না: বাপ্পা মজুমদার
×

বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০ | ০১:০৮ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ | ০১:০৯

বাপ্পা মজুমদার। তারকা কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। স্টেজ শো এবং নতুন গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

অনেক দিন নতুন কোনো গান প্রকাশ করেননি। স্টেজ শোর ব্যস্ততার কারণেই কি নতুন গান তৈরি করা হয়ে উঠছে না?

শীত মৌসুমে স্টেজের ব্যস্ততা বেশি থাকে। আমরা যারা শিল্পী ও মিউজিশিয়ান, তাদের জন্য এটা নতুন কোনো বিষয় নয়। স্টেজের ব্যস্ততা মাথায় রেখে অন্যান্য কাজ করি। তাই স্টেজ শোর জন্য নতুন গান তৈরি কিংবা প্রকাশ করা হয়ে উঠছে না- এটা ভাবলে ভুল হবে। এর মধ্যে বেশ কিছু গান তৈরি করেছি। কিন্তু মিক্সড মাস্টারিং করা হয়ে ওঠেনি। রেকর্ডিং স্টুডিওর ঝঞ্ঝাটে অনেক কাজ আটকে আছে। ক'দিন আগে আমার রেকর্ডিং স্টুডিও আগের জায়গা থেকে সরিয়ে নিতে হয়েছে। যন্ত্রপাতি সব খুলে আরেক জায়গায় নিয়ে যাওয়া যে কী ঝামেলার কাজ, তা বলে বোঝানো যাবে না। এই ঝামেলা কাটলেই নতুন যেসব গান করছি, সেগুলোর কাজ শেষ করব। এরপর নতুন গানগুলো কীভাবে প্রকাশ করব, তা নিয়ে ভাবব।

'সত্তা'র সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। এখন কি চলচ্চিত্রে নিয়মিত কাজ করবেন?

পুরস্কার না পেলেও সিনেমায় সংগীত পরিচালনার ইচ্ছা এতটুকু কমত না। কারণ, আমার কাছে মাধ্যমের চেয়ে কাজই বড়। তা ছাড়া কোনো স্বীকৃতি বা সাফল্যের কথা ভেবে আমি 'সত্তা' ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করিনি। যা করেছি তা ভালো লাগা থেকেই করা। শুধু নিজের বা বিভিন্ন শিল্পীর অ্যালবাম বা একক গানের সংগীতায়োজন করব- এমন ভাবনাও নেই। যে জন্য অ্যালবাম ও সিনেমা ছাড়াও বিভিন্ন টিভি অনুষ্ঠান ও বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করছি। সুযোগ পেলে ভবিষ্যতে বিভিন্ন ছবিতে সংগীত পরিচালনা করব। কারণ, সংগীত আমার পেশা, নেশা, ধ্যান, জ্ঞান- সবকিছু।

দলছুটের অ্যালবাম প্রকাশের কথা বলেছিলেন। কিন্তু এই অ্যালবামের 'মন দাবাড়ূ' ছাড়া আর কোনো গান প্রকাশ না করার কারণ কী?

এখন তো ভিডিও ছাড়া গানের কথা ভাবতেই চায় না দর্শক-শ্রোতা। কিন্তু মিউজিক ভিডিও নির্মাণে যা খরচ হয়, তা ইউটিউব চ্যানেল থেকে তুলে আনা কঠিন। তা ছাড়া অনলাইনে গান প্রকাশ সম্ভাবনাময় কিনা- সেটাও বুঝতে পারছি না। তাই পুরো অ্যালবাম কবে, কীভাবে প্রকাশ করব, তা নিয়ে আরও একটু ভাবতে হবে।

এবার ভিন্ন প্রসঙ্গে আসি, আপনার মেয়ে পরী কেমন আছে?

ভালো আছে। ধীরে ধীরে ওর বেড়ে ওঠা দেখে এক ধরনের প্রশান্তিতে বুকটা ভরে যায়। সবার আশীর্বাদ চাই, পরী যেন সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠে।

আরও পড়ুন

×