ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এ আর রহমানের নজরুলগীতির সুর বিকৃতি: ক্ষুব্ধ সংগীতশিল্পী ও অনুরাগীরা

এ আর রহমানের নজরুলগীতির সুর বিকৃতি: ক্ষুব্ধ সংগীতশিল্পী ও অনুরাগীরা
×

ছবি: কোলাজ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩ | ১৩:৪৬ | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ | ১৩:৫২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গান ‘কারার ওই লৌহ-কপাট’ বিকৃত করার অভিযোগ উঠেছে ভারতের জনপ্রিয় সুরকার এ আর রহমানের বিরুদ্ধে।  বলিউড নির্মাতা রাজা কৃষ্ণা মেনন তার ‘পিপ্পা’সিনেমায় গানটি ব্যবহার করেছেন।

‘কারার ওই লৌহ-কপাট’ নতুন করে এ গানের সুর করেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমান। এতেই বেঁধেছে বিপত্তি, গানের সুর বিকৃতি ও নিজের মত করে গাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা ও কলকাতার নজরুল সংগীতশিল্পীরা। 

এ আর রহমানের মতো সংগীতশিল্পীর কাছ থেকে এমন কাজ আশা করেননি তার বাঙালি ভক্তরাও। এরই মধ্যে কলকাতার শিল্পীরা যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি বাংলাদেশের অনেকে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী।

কবির কনিষ্ঠ নাতনি অনিন্দিতা কাজী  বলেন, ‘সুর যেমনই হোক, প্রত্যেক গানেরই একটা নিজস্ব ভাষা, ভঙ্গি ও ভাব থাকে। সেটা নষ্ট হলে স্বভাবতই গানের আসল সৌন্দর্য নষ্ট হয়। গানে তো শুধু সুরের নয়, ভাবেরও একটা জায়গা থাকে। এ আর  রহমানের এই গানের ক্ষেত্রে হয়তো এমনটাই ঘটেছে বলে মানুষের পছন্দ হচ্ছে না।’

বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে  কবি নজরুল ইনস্টিটিউটের র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার সাধারণ সম্পাদক শিল্পী খায়রুল আনাম শাকিল এক বিবৃতিতে বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান। যে গানটি ব্রিটিশ-স্বদেশ আন্দোলনের সময় রচিত হয়েছিল। গানটি সে সময় ব্যাপক পরিমানে মানুষের মধ্যে নাড়া দিয়েছিল জনগকে উদ্বোদ্ধ করেছিল। শুধু তাই নয়, আমাদের মুক্তি সংগ্রামের সময়ও কাজী নজরুল ইসলামের এই উদ্দিপনামূলক গানটি আমাদের মুক্তিযোদ্ধাদের মনে সাহস যুগিয়েছিল। এমন একটি গান নিয়ে ভারতবর্ষের একজন বিখ্যাত সুরকার খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। কিভাবে তিনি এই গানকে নতুনভাবে সুরারুপ করেছেন। এই কাজটি করে তিনি আমাদের কাজী নজরুল ইসলামকে অসম্মান তো করেছেনই এবং প্রতিটি বাঙ্গালীর মনে আঘাত করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবাং আমরা আশা করবো আমাদের দেশের ও পশ্চিবঙ্গের সকল শিল্পীবৃন্দ প্রতিবাদ করবেন এবং এই গানটি যেনো কোথাও প্রচার না হয় সেই ব্যবস্থা করবেন।’

গানটি বিকৃত করার জন্য ক্ষুব্ধ হয়ে পণ্ডিত অজয় চক্রবর্তী এ আর রহমানের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মনে করছেন। তিনি বলেন,  রহমানের করা ‘কারার ঐ লৌহ কপাট’ রিমেকটিকে শুধু ধিক্কার জানালে হবে না। সাহিত্য এবং সংস্কৃতিজগতের প্রতি আমাদের দায়িত্ববোধ কতটা, সেটাও প্রমাণ হচ্ছে। সাহিত্য-সংস্কৃতিকে ধরে রাখতে আমরা ব্যর্থ। সেই সম্পর্কে আমাদের সচেতনতা হারিয়ে যাচ্ছে। বাংলা গান নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে। রহমানের থেকে এটা আশা করা যায় না। উনি রিমেক করার আগে অন্তত একবার সুমিতাব্রত দত্তর গাওয়া গানটি শুনে নিতে পারতেন।

সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন এ আর রহমান। তার সঙ্গে আরো গেয়েছেন রাহুল দত্ত, তীর্থ ভট্টাচার্য, পীযূষ দাস, শালিনী মুখার্জি, দিলাশা চৌধুরী, শ্রয়ী পাল প্রমুখ। তবে প্রকাশের পর থেকে গানটি নিয়ে সমালোচনা চললেও এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এ আর রহমান। 

আরও পড়ুন

×